স্কলারশিপ পেয়ে দক্ষিণ কোরিয়া গেলেন জুলাইয়ের পরিচিত মুখ হাফেজ আমিরুল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আজু মোটর ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি শুক্রবার (৫ জুন) দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর শিক্ষাজীবন, সাহিত্যচর্চা এবং জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ততার অভিজ্ঞতা তার পথচলাকে করেছে বৈচিত্র্যময়।

বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী গ্রামের বাসিন্দা আমিরুল। চার ভাই ও দুই বোনের পরিবারে বেড়ে ওঠা আমিরুলের জীবনের বিভিন্ন অধ্যায়ে রয়েছে শিক্ষা, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা।

আমিরুলের শিক্ষাজীবনের শুরুটা হয় কোরআনের সান্নিধ্যে। পিরোজপুরের নেছারাবাদের ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে তিনি হাফেজ হন। এরপর বরিশালের আমতলার ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসায় হিফজ শুনানি সম্পন্ন করেন। প্রাথমিক থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। নেতৃত্বগুণ তার মাঝে ছোটোবেলা থেকেই দেখা যায়। নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নকালেই তিনি পরপর দুই মেয়াদে ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

বন্ধুদের ‘কবি সাহেব’
দাখিল শেষে আমিরুল পাড়ি জমান ঢাকার যাত্রাবাড়ীতে। ভর্তি হন তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় (আলিম)। এই সময় তার কলম থেকে বেরিয়ে আসে শতাধিক কবিতা। মাসিক কিশোরকণ্ঠ ও মাসিক ফুলকুঁড়ির মতো ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হতে থাকে তার লেখা। বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় সাফল্য অর্জনের ফলে সহপাঠী ও শিক্ষকদের কাছে তিনি ‘কবি সাহেব’ নামে পরিচিত হয়ে ওঠেন।রাজনৈতিক হয়রানি

বিগত ফ্যাসিস্ট আমলে তা'মিরুল মিল্লাতে অধ্যয়নকালে রাজনৈতিক কারণে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন আমিরুল। তার দাবি, সে সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাকে বিভিন্নভাবে টার্গেট করতেন।

আমিরুল সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, হাসিনার আমলে মিল্লাতে একটা চরম পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা আমাকে কখনো শিবির, আবার কখনো ছাত্রদলের ট্যাগ দিত। কারণ তারা শিওর ছিল না, কিন্তু সন্দেহ করত। এলাকায় নাকি আমার ছাত্রদলের সেক্রেটারি পদ আছে, এমন মিথ্যা অজুহাতে তারা নানা সময় অত্যাচার করত। একদিন চরম পর্যায়ে চলে যায়। ১৭ জন ছাত্রলীগ নেতাকর্মী আমাকে ৮/৯ ঘণ্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে। তখনকার মাদ্রাসার ভিপিসহ অন্যরা এর তীব্র প্রতিবাদ করেছিলেন। মিল্লাতে আমার ওপর অনেক অত্যাচার হয়েছিল তখন।

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ
এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন আমিরুল। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার মিরপুর এলাকায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি অনলাইনে গ্রুপ খুলে বরিশালের উজিরপুর ও বানারীপাড়ার একাধিক কলেজের শিক্ষার্থীদের সংগঠিত করেন।

আন্দোলনের সেই দিনগুলোর কথা জানাতে গিয়ে আমিরুল বলেন, জুলাইয়ের অনেক স্মৃতি আমার রয়েছে। তখন রাস্তায় পুলিশ মোবাইল চেক করে আন্দোলনের ছবি পেলেই জেলে দিয়ে দিত। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের একটি অভিনব কৌশল ছিল। আমাদের ‘মিরপুর ব্লাড ডোনেশন’ নামের একটি গ্রুপ ছিল। আমরা সেখানে ইশারায় অবস্থান নিতাম। যখন গ্রুপে মেসেজ আসত যে মিরপুর ১০ বা ১১ নম্বরে ব্লাড লাগবে, আমরা সবাই বুঝে যেতাম এবং আন্দোলনের জন্য সেখানে একত্রিত হতাম। এছাড়া উজিরপুরসহ আশপাশের ৬-৭টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কীভাবে বরিশালের দিকে যাওয়া যায়, তার নেতৃত্ব দিয়েছিলাম।

শাহবাগে আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়। তবে তিনি মূলত মোবাইল যোগাযোগের মাধ্যমেই সমন্বয় কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানান।

শিক্ষাজীবন, সাহিত্যচর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ অর্জনের অভিজ্ঞতা আমিরুলের জীবনযাত্রাকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমার ইচ্ছে, পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসব। দেশের উন্নয়নে, দেশকে ঢেলে সাজানোর যে স্বপ্ন আমরা দেখি, তার জন্য নিজেকে উৎসর্গ করব।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু করলেও নিজের শিক্ষা, সাহিত্যচর্চা ও দেশ নিয়ে ভাবনার জায়গা ধরে রাখতে চান আমিরুল। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?
  • ১৮ জুলাই ২০২৬
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence