নর্থ সাউথ শিক্ষার্থী তামিমের চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ

০৬ জুন ২০২৬, ১০:৩১ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:০৬ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখারুল আলম তামিম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখারুল আলম তামিম © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজার থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখারুল আলম তামিম (২৫)। গত ১ জুন দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

ইফতেখারুল আলম তামিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। জানা গেছে, তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পবিত্র কোরবানি ঈদের ছুটিতে কক্সবাজার ঘুরে ফেরার পথে বাস ও মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী, তার বাম পাশের চোয়াল সম্পূর্ণ ভেঙে গেছে, দাঁত মাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম হাঁটুর হাড় ও ফিমার ভেঙে গেছে। এছাড়া আঘাতজনিত রক্তক্ষরণ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। যা তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের বর্তমান জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) পর্যাপ্ত না হওয়ায় এখনই কোনো ধরনের অস্ত্রোপচার বা সার্জারি করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ঢাকায় স্থানান্তর করাও সম্ভব হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, আইসিইউতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য অস্ত্রোপচার, পরবর্তী আইসিইউ ও ভেন্টিলেশন সাপোর্ট, ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ মিলিয়ে বিপুল অর্থের প্রয়োজন। এ ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তামিমের পরিবার, স্বজন ও সহপাঠীরা সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। 

তার বন্ধু আরশাদুল্লাহ আকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুরবানি ঈদের পর কয়েকজন মিলে কক্সবাজার গিয়েছিল ঘুরতে। বাকিরা বাসে ঢাকা ফিরলেও সে বাইকে ফিরছিল। কিন্তু রওনা দেওয়ার পর সারাদিন ওরা কল দিয়ে তামিমকে পাচ্ছিল না। রাতে আমরা জানতে পারলাম যে ও চন্দনাইশ কলেজ গেট এলাকায় বাসের সাথে এক্সিডেন্ট করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলেও ঈদের ছুটির কারণে ডাক্তার ছিল না। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ওর সিচুয়েশন খারাপ হওয়ায় সাথে সাথে আইসইউতে ভর্তি করা হয়। ওর পুরো চোয়ালটা ভেঙে আলাদা হয়ে গেছে। এখন মুখ হা করে থাকে। এ ছাড়া নাকের নিচে, চোখের নিচে ভেঙে গুড়িগুড়ি হয়ে গেছে। দাঁত উঠে গেছে কয়েকটা, সব নড়ছে। মাড়ি ভেঙে গেছে। একই সাথে বাম পায়ের হাঁড় ভেঙেছে। মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে ভিতরে জমাট হয়ে গেছে। দ্রুত অপারেশন না করালে সমস্যা হবে। আবার অপারেশন করার জন্য ব্রেনও ফাংশন করছে না। সার্জারি করার সাথে সাথে মিনিমাম তিন দিন ভেন্টিলেশনে লাইফ সাপোর্টেও রাখতে হবে। ওই তিন দিনের ভেন্টিলেশনের কস্টিং প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

পারিবারিক অবস্থার বিবরণ দিয়ে আকিব বলেন, ওর ফ্যামিলির ওরকম টাকা পয়সা নাই। বাবা অবসরে। ও একাই সংসারটা চালাত। দিনে অফিস জব, সন্ধ্যায় টিউশনি, আবার রাতে ফ্রিল্যান্সিং। এজন্য আমরা বন্ধুরা সব জায়গা থেকে ডোনেশন নিচ্ছি। ওর ফ্যামিলি যতটুকু পারে, করবে। কিন্তু আমরা একটা এস্টিমেট করেছি যে আমাদের প্রথমে সাত থেকে ১০ দিনে ওর জন্য কমপক্ষে ১৫ লক্ষ টাকা হাতে রাখতে হবে।

সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে তামিমের বন্ধু আরজু ইসলাম প্রান্তর বিকাশ নম্বর ০১৭৯৭০-২৭৬৬৫ দেওয়া হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মো. হাফিজুর রহমান নামে একটি হিসাব নম্বর ২০৫০৪৩২০২০০৫৮৩৮০২ দেওয়া হয়েছে। হিসাব নম্বরটি রাজধানীর বাসাবো (রাউটিং নম্বর- ১২৫২৭০৬৩৬) শাখার অন্তর্গত।

রামিসা হত্যা মামলার রায় কাল
  • ০৬ জুন ২০২৬
শব্দহীন সুপারসনিক বিমান তৈরিতে বড় চমক দেখাল নাসা
  • ০৬ জুন ২০২৬
উলটো পথে অটোরিকশা, বাস চাপায় চালকসহ তিন জন নিহত
  • ০৬ জুন ২০২৬
নর্থ সাউথ শিক্ষার্থী তামিমের চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ
  • ০৬ জুন ২০২৬
হাঁটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন—ট্রেজারারকে সর্ব মিত…
  • ০৬ জুন ২০২৬
ককরোচ পার্টির বিক্ষোভে তরুণদের পাশে সোনম ওয়াংচুক, অরবিন্দ…
  • ০৬ জুন ২০২৬