লক্ষ্মীপুর

৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?

১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো © সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে যান ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন বিএনপি। পরে গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ৫১ সদস্যের ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদের বিরুদ্ধে বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়া, জুয়াসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারীসংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ কারণে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ কমিটির বিভিন্ন পর্যায়ের ৩১ জন নেতা।

তবে পদত্যাগপত্র সাংগঠনিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাঁদের পদত্যাগপত্রটি আপাতত রেখে দিয়েছি, সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৮ নভেম্বর ২০২৬
পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৮ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ …
  • ১৮ নভেম্বর ২০২৬
ডাকাডাকিতেও স্কুলছাত্রীর সাড়া পাচ্ছিলেন না দুই বোন, দরজা ভে…
  • ১৮ নভেম্বর ২০২৬
৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় আজ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬