বিসিবি পরিচালকের অপসারণ ও গ্রেপ্তার দাবি ছাত্রদলের © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরচুন মিজান (বিবিসি পরিচালক) প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অর্থায়নের অভিযোগও তোলেন তাঁরা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাঁকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা। তিনি দাবি করেন, মিজান সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি। তাঁর পক্ষে অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সমালোচনা করে তিনি দলীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে হেসে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য করেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। তাঁর বক্তব্যের প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে এর আগে বরিশাল স্টেডিয়ামে তাঁর ব্যানারে আগুন দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এসব বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, বরিশাল স্টেডিয়ামে কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন। তাঁর ব্যানার ছেঁড়ার ঘটনায় কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
ফরচুন বরিশাল দল ও ক্লাবের মাধ্যমেই মিজানের ক্রীড়াঙ্গনে উত্থান হয়েছে উল্লেখ করে আনোয়ারুল হক তারিন বলেন, মিজান নিজে কখনো খেলাধুলায় অংশ নিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।