মানসিক ভারসাম্যহীন নারী। © সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। তবে নবজাতকের বাবার পরিচয় জানেন না কেউ। সন্তান প্রসবের পর মা ও নবজাতককে হাসপাতালে নেওয়ার জন্য প্রথমে কেউ এগিয়ে আসেননি। পরে কয়েকজনের উদ্যোগে তাদের হাসপাতালে নেওয়া হলেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কর্ণঝোড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ে ঘুরতে গিয়ে বাজারে মানুষের ভিড় দেখতে পান শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ তালুকদার। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, প্রায় ৩০ মিনিট আগে ওই নারী সন্তান প্রসব করেছেন। তবে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি।
এ অবস্থায় জিহাদ তালুকদার তাদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। পরে স্থানীয় যুবদল নেতা আরিফ ও শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতাদের সহযোগিতায় মা ও নবজাতককে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শ্রীবরদী থানার একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) সঙ্গে যোগাযোগের পর তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জিহাদ তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে তিনি মা ও নবজাতকের পাশে দাঁড়ান। এ সময় স্থানীয় যুবদল নেতা আরিফ এবং শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতারা তাকে সহযোগিতা করেন।
হাসপাতালে নেওয়ার পর নবজাতকটির মৃত্যু হয়। তবে ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নবজাতকের বাবার পরিচয় কেউ জানে না।