জলবায়ু সম্মেলন

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিতের দাবি

১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ PM
বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। © সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ দফা দাবির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু তহবিল ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো এবং এর ব্যবহার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান জামায়াতের প্রতিনিধি দলের সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য।

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী বলেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তাই নতুন করে বরাদ্দ পাওয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে। এ জন্য তহবিল ব্যবহারের অগ্রগতি ও ব্যয়ের প্রতিবেদন নিয়মিত জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় সামান্য হলেও এর নেতিবাচক প্রভাব দেশটিকে বেশি ভোগ করতে হচ্ছে। অথচ আগের জলবায়ু সম্মেলনগুলোতে বাংলাদেশ যে পরিমাণ অর্থ পেয়েছে, তা প্রতিশ্রুত অর্থের ৯ শতাংশেরও কম। পাওয়া অর্থের বড় অংশই ঋণ হিসেবে এসেছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু তহবিল আদায়ে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের ‘থ্রি জিরো’ ভিশন
সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো’ ভিশন তুলে ধরেন মাহবুবুল আলম সালেহী। এর তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস (বন্যার ঝুঁকি শূন্যে নামিয়ে আনা), জিরো ওয়েস্ট (বর্জ্য শূন্যে নামিয়ে আনা) এবং জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন (পরিবেশের অবক্ষয় রোধ)। সম্মেলনের বিভিন্ন পার্শ্ব-আয়োজনেও এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক বিষয় নয়। এ সংকট মোকাবিলায় সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করার জন্য শনিবার দুপুর সাড়ে ১২টায় সময় নির্ধারিত ছিল। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। তবে পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করেনি।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জামায়াতের প্রতিনিধিদল কপ৩১ সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে কপ৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950