ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, ব্যানারে আগুন

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একদল যুবক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিসিবি পরিচালক মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ‘ফরচুন মিজান’ নামে পরিচিত বিসিবি পরিচালক মিজানুর রহমান। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য করেছেন। নাজমুলের দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক হলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাজমুল হুদা আরও বলেন, শুক্রবার রাত ৮টার দিকে স্টেডিয়ামে গিয়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা মিজানুর রহমানের ব্যানারে আগুন দিয়েছেন। তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাঁকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে একদল যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।

ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি তিনি জানেন না। কেউ তাঁকে এ বিষয়ে অবহিত করেননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

প্রসঙ্গত, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন। শুক্রবার তাঁর প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950