নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। © সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাড়িটিকে গণমাধ্যমে 'পরিত্যক্ত' হিসেবে প্রচার করা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এমপি নুসরাত তাবাসসুম।
বাড়িটিকে পরিত্যক্ত বানিয়ে ‘আগুন সন্ত্রাসকে লঘু করে দেখা হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘এই বাড়িকে পরিত্যক্ত বানিয়ে আগুন সন্ত্রাসকে লঘু করে দেখা হচ্ছে! তার ওপর আবার বলা হচ্ছে পুলিশ নাকি বলেছে, আলামত পাওয়া যায়নি! পুলিশ বলেছে ‘এখনও’ পাওয়া যায়নি, কারণ তখনও ফরেনসিক আসেনি।’
গণমাধ্যম দায়িত্বশীল আচরণ না করে মূল ঘটনা থেকে চোখ সরিয়ে নিতে মিথ্যা ও বিতর্কিত বিষয় ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘অবশ্য বাংলাদেশের মিডিয়ার এই অভ্যাস নতুন না। একটু ঝনঝনে রুপার শব্দ পেলেই চড়চড় মিডিয়ার ন্যারেটিভ পাল্টে যায়। এই মিডিয়ার কাছ থেকে বেশি কিছু আশাও করি না। তারপরও বলব বিবিসি বাংলা, যমুনা, মানবজমিনসহ যেসব মিডিয়া মূল ঘটনা থেকে চোখ সরিয়ে নেয়ার জন্য মিথ্যা বিতর্কিত বিষয় ছড়ালেন, আপনারাও কম দায়ী নন।’
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, যে বাড়িতে আগুন লেগেছে, সেটি একটি পরিত্যক্ত বাড়ি।
এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, ‘না জানি কত কালো টাকার মালিক হলে মানুষ একটা আস্ত বাড়ি পরিত্যক্ত করতে পারে! আমার সেই সামর্থ্যও নাই।’
পোস্টে তিনি আরও বলেন, ‘আমার নিজের কোনো বাড়িও নাই। যেই বাড়িটি পুড়েছে সেটা আমার দাদার বানানো, যুদ্ধে পুড়ে যাওয়া ঘরবাড়ি সারিয়ে তোলা আর কি! (সেই সব পুরনো ছবিও এখনো আছে)।’
শৈশব, কৈশোর ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করে নুসরাত তাবাসসুম লিখেন, ‘এই বাড়িতে আমার আব্বু বড় হয়েছে, আমার কাকা-ফুপুরা বড় হয়েছেন, আমার দাদা-দাদি বাস করেছেন, আমার আম্মু বিয়ে হয়ে এসেছে, আমি জন্মেছি, বড় হয়েছি, প্রাইমারি-হাইস্কুল-কলেজ সব পড়াশোনা যেখান থেকে করেছি—সেই বাড়ি নাকি পরিত্যক্ত!’
বাড়িটি সচল থাকার বিষয়ে তিনি লিখেন, ‘৩-৪ বছর আগে আমার আব্বু ভিটার একপাশে নতুন একটা দোতলা বাড়ি করে আমাদের নিয়ে ওঠে। কিন্তু ওই বাড়ি একদিনও বন্ধ থাকেনি। আমাদের আত্মীয়স্বজন, কাকা-ফুপু কেউ না কেউ সব সময় থেকেছে। গত ৩ বছর তো একটি আস্ত পরিবার ওই বাসায় থাকছে, যারা আমাদের ঘরে সাহায্যকারী হিসেবে থাকে। আমার ২ ভাগ্নী থাকে, আমার কাকা-কাকি থাকে। আমার গরু-ছাগল, হাঁস-মুরগি, কবুতর থাকে। প্রতিদিন চুলা জ্বলে, ভাত রান্না হয়, বাচ্চার পড়ার শব্দ আসে। আমার আম্মু ওই বাড়ির বারান্দায় বসে এখনো চুলে তেল দেয়।’
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। এটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি হলেও এর পাশেই তাঁর বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন।
তবে এই ঘটনায় পরিবারের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘‘এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।’
তিনি আরও বলেন, ‘আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।’
ওসি মোহাম্মদ খালেদুর রহমান আরও জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে আটটির মতো কক্ষ রয়েছে। বাড়ির ঘরগুলোতে পুরোনো আসবাবপত্র, গবাদিপশু ও পশুখাদ্য রাখা হতো। খড়কুটো থেকে শুরু করে বিভিন্ন দাহ্য জিনিসপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে চারদিকে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনে পুড়ে দুইটি ছাগল মারা গেছে বলে জানান তিনি। তবে অন্য গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়েছে। এছাড়া, বাড়িতে থাকা তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
এদিকে, নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন এমপি নুসরাত তাবাসসুম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। এই হামলার পেছনে ‘আওয়ামী লীগ’ জড়িত রয়েছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তিনি আরও দৃঢ়তার সাথে ঘোষণা দেন যে, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকবো এবং এ ধরনের হামলা দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না।