শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

১২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ AM
 শেখ হাসিনা

শেখ হাসিনা © টিডিসি ফটো

বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন দুই বছরেরও বেশি সময় ধরে। এরপর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের কিছুদিন পর থেকেই তিনি কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন।

এরপর বাংলাদেশের রাজনীতিতেও গত মাসখানেক ধরেই এটি নিয়ে নানা আলোচনা হয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠি এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।

সোমবার শেখ হাসিনা’র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে।

যদিও ইমেইলে লন্ডনভিত্তিক একটি ল’ ফার্মের মাধ্যমে পাঠানো এই চিঠি বা আবেদনটি কতটুকু সত্য সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পাসপোর্ট ও এনআইডি বিষয়ে শেখ হাসিনার আবেদনের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ বর্ণনা করে বাংলাদেশ থেকে তাকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলেও জানিয়েছেন।

সরকারের মন্ত্রী উপদেষ্টারা এটিও বলছেন যে, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনতে চায় সরকার।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা এনিয়ে তৎপরতার মাধ্যমে একদিকে যেমন আওয়ামী লীগে তার কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে চাইছে, অন্যদিকে সরকারকে কিছুটা চাপেও ফেলার চেষ্টা করছে।

তবে, ক্ষমতাসীন বিএনপির নেতারা বলছেন এ নিয়ে তারা কোনো চাপে নেই। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা একটি নাটক।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার।

আওয়ামী লীগের নানা তৎপরতা
২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মাথায় বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির শীর্ষস্থানীয় নেতাসহ অনেক নেতাকর্মী আত্নগোপনে রয়েছেন। ওই সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী-সিনিয়র নেতাসহ অনেকেই মানবতাবিরোধীসহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদের নামে বিভিন্ন মামলাও চলছে।

এরই মধ্যে চব্বিশের জুলাই অগাস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের রায়ও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দলটির নেতাকর্মীরা অনেকটা আত্নগোপনে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনে পর বিভিন্ন সময় দলটির নেতাকর্মীদের কখনো কখনো ঝটিকা মিছিল করতেও দেখা গেছে।

তবে, গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া লিখিত সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানান।

এরপরই বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা।

সোমবার একটি ল’ ফার্মের মাধ্যমে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার অনুরোধের বিষয়টি সামনে আসার দুয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ কিংবা ককটেল হামলারও বিভিন্ন ঘটনা ঘটছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত শনিবার থেকে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনসহ দেশের বিভিন্ন স্থানে এখন প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং ৩২টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি মিডিয়া কামারুম মুনিরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছে পুলিশ।

তবে এসব ঘটনায় সাথে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আওয়ামী লীগ জড়িত থাকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল আত্নগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে।

একটু কৌশলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মি. নাছিম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ‘আমি কোনো ককটেলের শব্দ শুনি নাই। আওয়ামী লীগের ওপর যত দায় চাপানোর চেষ্টা করুক না কেন তাতে কী আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের ভালবাসা কমেছে?’

গত কয়েকদিনে গোপালগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সড়ক অবরোধ করে বিক্ষোভসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেও দেখা গেছে।

রাজনৈতিক কৌশল নাকি বাস্তবতা?
শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাই কমিশনের তার পাসপোর্ট ও এনআইডির বিষয়ে আবেদন জানিয়ে চিঠি লেখার বিষয়টি নিয়ে বিএনপি সরকার শুরুতেই সতর্ক অবস্থান নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা ওই আবেদনের সত্যতা যাচাই করছেন।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে তাকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলে জানিয়েছেন।

তিনি এটিও বলেছেন যে, পাসপোর্ট বা ট্রাভেল পাস নয় শেখ হাসিনাকে ফেরত আনা হবে ভারতের থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনা তা করেননি। তাই ভবিষ্যতে তার আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। যে কারণে দেশে ফিরলেই আপিল শুনানি ছাড়াই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে।

এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এমন মৃত্যু সাজা মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা। কিংবা তার দেশে ফেরার ঘোষণা কি রাজনৈতিক, নাকি বাস্তবেই তিনি দেশে ফিরতে চান।

যদিও আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এতদিন বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে যথাযথ প্রক্রিয়ায় তার বিচার করবে। কিন্তু এখন তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চাচ্ছেন কিন্তু সরকার কোনো সহযোগিতা করছে না।

তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও এটি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির যে তৎপরতা এটির সাথে বাস্তবতার কোন মিল নেই বলে মনে করছে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, ‘এটা একটা নাটকবাজী, দেশের মানুষকে একটা ধোঁকায় ফেলে তারা ঘোলা পানিতে কিভাবে মাছ শিকার করা যায় সেই চেষ্টা করছে আওয়ামী লীগ’।

অবশ্য এখন পর্যন্ত শেখ হাসিনার এই ঘোষণা কিংবা এই সংক্রান্ত তৎপরতাকে রাজনৈতিক কৌশল মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, সরকারকে চাপে রাখার পাশাপাশি আওয়ামী লীগ চাইছে তাদের কর্মী সমর্থকদের একটু চাঙ্গা রাখতে। যে কারণে এই তৎপরতাগুলো দেখাচ্ছে তারা।

শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
গত সোমবার পাসপোর্ট ও এনআইডির বিষয়ে শেখ হাসিনার আইনজীবীদের চিঠির বিষয়টি সামনে আসে।

কিন্তু এর আগে থেকে গত শনিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাগুলো ঘটতে দেখা গেছে।

বিএনপি সরকারের নীতি নির্ধারকসহ দলটির কেউ কেউ মনে করেন, শেখ হাসিনা বাস্তবে ফিরবেন না, তবে সরকারকে চাপে ফেলতে তারা এক ধরনের কৌশল নিয়েছে।

আবার, সোমবার দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আইনজীবীদের চিঠির পর সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে সেটি এত গুরুত্ব দেওয়া কতটুকু প্রয়োজন ছিল তা নিয়েও প্রশ্ন রয়েছে দলের অন্য একটি পক্ষের।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দলীয় নেতাকর্মী ও এমপিদের সাথে। সেখানে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজপথে থাকারও ঘোষণা দিয়েছে দলটি।

শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে আওয়ামী লীগের তৎপরতায় কি চাপে পড়েছে বিএনপি, এমন প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।

জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ‘এই বিষয়টি বিএনপিকে কোন চাপে ফেলেনি বরং বিএনপি সরকার এ ব্যাপারে আরো সতর্ক থাকছে। তারা বেআইনি তৎপরতার চালালে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং দল হিসেবে বিএনপিও সতর্ক থাকবে’।

এ নিয়ে আলোচনাও হয়েছে জাতীয় সংসদের চলতি অধিবেশনে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সেগুলো মোকাবেলায় বিএনপি সরকারকে খুব একটা গোছানো বলে মনে হচ্ছে না। এখন যদি ওইভাবে নাশকতা শুরু হয় তাহলে তা ঠেকানো মুশকিল হয়ে যাবে’।

বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফেরার ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও চাঙ্গা করে তোলার একটা চেষ্টা করা হচ্ছে।

তবে বুধবার বাংলাদেশের সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্ট করতে পারে, সেটা সম্মিলিতভাবে রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন।

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা…
  • ১২ নভেম্বর ২০২৬
রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950