নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন © টিডিসি সম্পাদিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় পুড়ে মারা গেছে একটি ছাগলের বাচ্চাও। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুড়ে যাওয়া বাড়ির ছবি ও ঘটনার বিবরণ দিয়ে আরও একটি পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারে নি৷ এসব করে কি আর করবে!’
এর আগে বুধবার রাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’