জামায়াত আমিরকে রাশেদ খাঁন
ডা. শফিকুর রহমান ও রাশেদ খাঁন © ফাইল ফটো
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে ‘ওয়েট অ্যান্ড সি’ (অপেক্ষা করুন) বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জাতীয় সংসদে দেওয়া জামায়াত আমিরের একটি বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘Wait & See Mr. Dr. Shafiqur Rahman... আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করেন নাই বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শীঘ্রই পাবেন।’
এর আগে বুধবার জাতীয় সংসদে রাশেদ খাঁন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে, বন্ধুদের সাথে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সাথে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।
জামায়াত আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাশেদ খানের এই পাল্টা মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টে মিথ্যাচারের অভিযোগের জবাবে কী ধরনের পদক্ষেপ বা তথ্য সামনে আনা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।