সন্ত্রাসীদের দমনে ব্যর্থ সরকার, দায় এড়াতে পারবে না বিএনপি: গোলাম পরওয়ার

১০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM
মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহন, সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের।

বিবৃতিতে তিনি আরও বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।’

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে সরকার। দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধি সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে- যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে।’

একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950