পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন পাটওয়ারী

১০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ PM
নাসরুদ্দীন পাটওয়ারী

নাসরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

পাসপোর্টের আবেদন করলেই জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নতুন নতুন জটিলতার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, পাসপোর্ট অফিসে নানা অজুহাতে আবেদনকারীদের হয়রানি করা হলেও অফিসের বাইরে দালালদের মাধ্যমে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে পাসপোর্ট সেবার দুর্নীতি ও হয়রানির চিত্র তুলে ধরে এসব অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে নাসরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পাসপোর্ট করতে গেলেন। অনলাইনে আবেদন করলেন, সরকারি ফি জমা দিলেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে হাজির হলেন। এবার শুরু হলো আসল পরীক্ষা। জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা, এই কাগজ ঠিক নেই, ওই কাগজ আবার আনতে হবে। মনে হবে, পাসপোর্ট করতে আসেননি, নিজের পরিচয় প্রমাণের জন্য গবেষণাপত্র জমা দিতে এসেছেন!’

‘অথচ অফিসের বাইরে আরেক ব্যবস্থা। জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন কিংবা দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য সেখানে আলাদা ‘চ্যানেল’। সরকারি ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার নজির রয়েছে। টাকা দিলেই কাজ এগিয়ে দেওয়ার ব্যবস্থা! একই মানুষ, একই কাগজপত্র। সরকারি কাউন্টারে সমস্যা, দালালের কাছে সমাধান। কাগজের সমস্যাটা তাহলে আসলে কোথায়?’

পোস্টে ২০২৬ সালের জুনে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জাতীয় খানা জরিপের তথ্যও তুলে ধরেন তিনি। জরিপের তথ্য অনুযায়ী, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আর ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার কোনো না কোনো দুর্নীতির অভিজ্ঞতার কথা জানিয়েছে। একই জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেনের হিসাব উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

পাসপোর্ট সেবায় দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন নাসরুদ্দীন পাটওয়ারী। তিনি লেখেন, ‘গ্রামের একজন তরুণ বিদেশে যাওয়ার জন্য জমি বন্ধক রাখেন, ধারদেনা করেন। পাসপোর্টের সরকারি ফি জোগাড় করতেই তাঁর কষ্ট হয়। এর মধ্যে অতিরিক্ত টাকা দেওয়ার পরিস্থিতি তৈরি হলে সেই চাপটা কতটা, তা শহরের শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে বোঝা কঠিন। অথচ সরকারি সেবা পাওয়ার জন্য কারও পরিচয় কিংবা দালালের প্রয়োজন হওয়ার কথা নয়।’

এ সমস্যা সমাধানে শুধু অভিযান চালালেই হবে না বলে মনে করেন এনসিপির এই নেতা। তিনি প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার সময়সীমা ও অভিযোগ নিষ্পত্তির তথ্য প্রকাশের দাবি জানান। আবেদন আটকে থাকলে লিখিত কারণ জানানো, ঘুষের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারের কাছে প্রশ্ন রেখে নাসরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘সরকারের কাছে প্রশ্ন, পাসপোর্টসেবায় এই দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করা হোক। কারণ ডিজিটাল বাংলাদেশের পর নাগরিকেরা এখন এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেট লাগবে, কিন্তু কাজ শেষ করতে দালাল লাগবে না।’

দুধ, দই, পনিরেও বিষ! গবেষণায় মিলল ভয়ংকর তথ্য
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসেই মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, আটক ১০ 
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত
  • ১০ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন
  • ১০ নভেম্বর ২০২৬
তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950