গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বর্ণ © সংগৃহীত
বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ণ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগও রয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বগুড়া মহানগরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন বর্ণ। স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে তার ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। পরে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। এ ছাড়া তাকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়েছিল। বর্ণের বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ চারটি মামলা রয়েছে।