গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিলেন ভিডিও বার্তা

০২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ PM
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারের আগে মেজর (অব.) আখতারুজ্জামান ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, ‘ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সবাইকে বিষয়টি জানিয়ে রাখলাম। দোয়া করবেন, দেশের মানুষ-জনগণ ও প্রবাসীর জন্য যেন শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করবেন। জনগণের অধিকারে-সংগ্রামে আমি আছি, থাকব। যতদিন বেঁচে আছি, জনগণের জন্য সংগ্রাম করব।’

জানা গেছে, আজ শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি (মামলা নং-০৬) দায়ের করেন। একই দিন বিকালে মামলার এজাহার আদালতে এলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন। বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক।

মামলায় আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

ওই সময়ে বিমানবন্দরে আগমনী যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট সৃষ্টি এবং দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি উত্তেজিত ও অশোভন আচরণ করতে থাকেন।

মামলার বিবরণ অনুযায়ী, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক ১০টা ৪৬ মিনিটে সেখানে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনা সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেও আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে বলেন, ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘গেট আউট ফ্রম হেয়ার’, ‘ঘাড় ধরে বের করে দিবো’, ‘কাজ জানেন না, তদবির করে পোস্টিংয়ে আসবেন’, ‘মাইর খাইতে চান?’ এ সময় তার আচরণ অত্যন্ত আক্রমণাত্মক ও মারমুখী ছিল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান।

পরে আখতারুজ্জামান পুনরায় উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে হুমকি দেন, ‘আপনাদের সবাইকে বিমানবন্দরে বেঁধে পিটানো এবং সোশাল মিডিয়ায় দেওয়া দরকার, যাতে তারেক রহমান এটি দেখেন, তখন আপনারা সোজা হবেন। আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।’ এছাড়া তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী সম্পর্কে অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা সৃষ্টি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বিমানবন্দরের কেপিআইভুক্ত এলাকায় ভিডিও ধারণ না করার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করেন। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার কাছে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হলে আখতারুজ্জামান তার সঙ্গেও অশোভন ও মারমুখী আচরণ করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল বা পাত্র ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আখতারুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কেপিআইভুক্ত ও স্পর্শকাতর স্থাপনায় দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও হুমকি প্রদান, প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং একজন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাত করেছেন। একইসঙ্গে তার আচরণে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

ট্যাগ: জামায়াত
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬