বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দিয়েছে পুলিশ: আসিফ মাহমুদ

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ PM
 এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ © সংগৃহীত

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে এবং পুলিশ সেখানে পাহারা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িত ও দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘পুলিশ এখানে এসে তারা নিশ্চিত করেছে, যারা মবতন্ত্র করবে, তারা যেন নিরাপদে মবতন্ত্র কায়েম করতে পারে। যখন ভাঙচুর শুরু হয়েছে, তখন পুলিশ এখান থেকে হেঁটে চলে গেছে। আমরা এখন এসে দেখলাম, ওখানে প্রবেশপথে পুলিশ, এখানে ভিতরে পুলিশ। বাংলা ছায়াছবিতে একটা জিনিস আছে না, যে সবসময় কোনো হত্যাযোগ্য ঘটনা ঘটার পরে পুলিশ আসে। তো এখানেও ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে পরিদর্শন করতে। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই যে দুইটা ঘটনা ঘটলো—ইসিবিতে এবং এখানে—একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এবং যারা এটার সঙ্গে জড়িত, যারা দায়িত্বে অবহেলা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের যারা এখানে—আমরা সিসিটিভিতে দেখেছি এখানে তারা পাহারা দিয়েছে এই মবতন্ত্র কায়েমের জন্য—তাদেরকে ডিপার্টমেন্টাল প্রসিডিউর করতে হবে এবং ফৌজদারি প্রসিডিউর করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনার সঙ্গে বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসন, পুলিশ, সবাই ঐক্যবদ্ধ এবং সংঘটিত একটা অপরাধে জড়িত। এটা রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানের সংঘটিত অপরাধ এবং এটা একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের লুটতরাজ যেখানে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুতরাং এটা যদি আপনারা কোনো ধরনের বিচার এবং ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব, এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। ঢাকার এরকম একটা জায়গার ১০ কাঠা জায়গার দাম তো আমরা সবাই জানি। ৫০ থেকে ১০০ কোটি টাকা অন্ততপক্ষে। তো আমরা এটা বুঝে নেব খুব ক্লিয়ারলি।’

ঘটনার সঙ্গে একটি সমবায় সমিতির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন,  ‘এখানে এখনো দেখতে পাচ্ছেন, এই যে বিলবোর্ড আছে। পেছনেও আমরা একটা বিলবোর্ড দেখেছি। সমমান সমবায় সমিতি আমরা শুনছি যে, যেই এমপি এই সমমান সমবায় সমিতির প্রধান, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। আমরা মনে করি, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এখানে যেই ক্ষতিটা হয়েছে, এটার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এখানকার ঘটনায় এবং ইসিবির ঘটনায় উভয় জায়গায় ইভ্যালুয়েট করে প্রপারলি যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে। এই বিল্ডিংটা আবার পুনর্নির্মাণ করে এখানে আবার স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে হবে। মার্কেটের গলির মধ্যে দেখলাম, বাচ্চাদেরকে নিয়ে এসে টিকার জন্য অভিভাবকরা নিয়ে এসেছেন এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা গরমের মধ্যে বসে বসে সেখানে টিকা কার্যক্রম পরিচালনা করছেন। এই হলো একটা অলাভজনক দাতব্য সংস্থার অবস্থা। তাহলে বাংলাদেশের কী ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা আমরা জানি না।’

 তিনি বলেন, ‘আমরা আবারও আহ্বান জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বাস্তবায়ন করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য।’

উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬