সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম © টিডিসি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করবে না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের দাফন সম্পন্ন হয়েছে।’
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, ‘বিএনপির সমালোচনা আমরা করব। চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা, থানা ও অফিস দখলের মতো কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করব। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করব না।’
বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন জানিয়ে সারজিস আলম বলেন, বিএনপি ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।
বিসিএসের ভাইভা নম্বর বাড়ানোর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে দলীয়ভাবে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তার ভাষ্য, এ ধরনের পুরোনো পদ্ধতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।
সারজিস আলম আরও বলেন, প্রশাসনের ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দলীয় কার্যালয় থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না। বিএনপি এ ধরনের মনস্তত্ত্ব ও অভ্যাস থেকে বেরিয়ে না এলে ভবিষ্যতে তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি যদি তাদের অবস্থান পরিবর্তন না করে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হতে পারে। এ অবস্থায় এনসিপির রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হতে পারে বলেও জানান তিনি।
সরকারের নতুন পে-স্কেল প্রসঙ্গে সারজিস আলম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। জনগণের করের টাকায় বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, বেতন বাড়ানোর পরও দুর্নীতি বা অর্থের বিনিময়ে সেবা দেওয়ার প্রবণতা দেখা গেলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।
এর আগে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন সারজিস আলম।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান এবং আহ্বায়ক মো. মাকসুদুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।