বিএনপির দুই পক্ষের সংঘর্ষ © টিডিসি ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এবং পরে মিছিল চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকায় কয়েকদফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলায় উপজেলার বর্তমান কমিটির এবং সদ্য সাবেক কমিটির নেতারা পৃথক কর্মসূচি আয়োজন করেন। পৃথক কর্মসূচি ঘোষণার পর গত সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এদিকে কর্মসূচি ঘিরে প্রথম মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ শহরে পৃথক মিছিল বের করে। এবং এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল দুটি পৌর শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে নেতা-কর্মীরা একেঅপরকে উদ্দ্যেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় হঠাৎ অপ্রত্যাশিত সংঘর্ষের কারণে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।।
এদিকে সংঘর্ষের মধ্যে প্রেসক্লাব গলাচিপার যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনের মালিকানাধীন হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রেস্টুরেন্টের আসবাব ও বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় বিএনপির দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির স্থান ও আয়োজন নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উত্তেজনা দেখা দেয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।