স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত
পতিত আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে মাঝেমধ্যে আওয়াজ দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা ক্ষমাও চায়নি, বাংলাদেশের মানুষ কখনোই তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না।
শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইতোপূর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’ পতিত আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরি চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না এবং জনগণও তা গ্রহণ করবে না।’
কক্সবাজারে সাম্প্রতিক অপহরণ ও অপরাধ দমনে সালাহউদ্দিন আহমদ জানান, সেনাবাহিনী প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপন করবে। এ বিষয়ে জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সরকারি পর্যায়েও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ করা হবে।
কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। ইতোমধ্যে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্লু-ইকোনমি ও মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। কক্সবাজারের পুরো ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতকে দেশি-বিদেশি পর্যটকদের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।