মঞ্চে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মারামারি, ফেনীতে এনসিপির ৩ নেতাকে শোকজ

২২ জুলাই ২০২৬, ০৮:২৫ PM
ফেনীতে এনসিপির ৩ নেতাকে শোকজ

ফেনীতে এনসিপির ৩ নেতাকে শোকজ © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনায় দলটির তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিশৃঙ্খলা জেরে এক দিনের ব্যবধানে জেলা ও উপজেলা পর্যায়ের তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। সর্বশেষ জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবকে শোকজ করা হয়।

এর আগে, একই ঘটনায় জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব এবং সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। শোকজপ্রাপ্ত তিন নেতার মধ্যে আকবর হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, এমদাদুল হক রাজীবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীব বলেন, সেদিন সভায় প্রটোকল ভেঙে বক্তব্য দেওয়ার জন্য একজনের নাম ঘোষণা করায় মঞ্চে আমি প্রতিবাদ করেছিলাম। বিষয়টি হয়ত কেন্দ্রের কাছে ভালো লাগেনি, সেজন্য শোকজ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমি এর জবাব দেব।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব ও সোনাগাজী উপজেলা যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আকবর হোসেনকে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। উভয় নেতাকেই তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোনাগাজী উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেন বলেন, সেদিন দফায় দফায় যে ঝামেলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ অভিযোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন কিছু কখনো আশা করিনি। বিষয়টি আমি কেন্দ্রকে জানাব।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব বলেন, আমি যেহেতু সোনাগাজীর ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সম্ভবত শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মঞ্চে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অনুষ্ঠান শেষে সভাস্থল ও মঞ্চের সামনে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদও মারধরের শিকার হন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬