নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠানস্থলে দুই দফায় ভাঙচুরের অভিযোগ

০৬ জুন ২০২৬, ০৬:৪৭ PM
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠানস্থলে দুই দফায় ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠানস্থলে দুই দফায় ভাঙচুরের অভিযোগ © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠানের পূর্বে নির্মিত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। 

আজ শনিবার (৬ জুন) দুপুর ১টা নাগাদ নারায়ণগঞ্জের রুপগঞ্জে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ফল উৎসব কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এরআগে গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যায়ও অনুষ্ঠানস্থলে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতাকর্মীরা।

জানা গেছে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে ৮-১০ টি মোটরসাইকেলে করে একদল ঘটনাস্থলে এসে মঞ্চে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। মঞ্চের সামনে রাখা চেয়ার-টেবিল ভেঙে ফেলার পাশাপাশি প্যান্ডেলও খুলে ফেলে। যদিও পরে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে এনসিপি নেতাকর্মীরা। 

নারয়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মোঃ শওকত আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ রূপগঞ্জে এনসিপির আয়োজিত একটি কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে কর্মসূচিকে কেন্দ্র করে গত রাতে দুর্বৃত্তরা এসে মঞ্চ ভাঙচুর করে। পরে সকালে পুনরায় মঞ্চ প্রস্তুত করা হলে নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আবারও একদল ব্যক্তি হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে পাঁচ থেকে ছয়জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে আমরা মনে করি। বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে এসেছেন। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

রূপগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন এ এইচ এম সালাউদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো ধরনের ক্ষতি বা নিরাপত্তাজনিত সমস্যা হয়নি। আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে কর্মসূচি শুরুর আগে কয়েকটি মোটরসাইকেলে করে আসা কিছু ব্যক্তি ১০-১২টি চেয়ার ভাঙচুর করে এবং মঞ্চের দুই-তিনটি টেবিল উল্টে দিয়ে যায় বলে আয়োজকরা দাবি করেছেন।

তিনি আরও বলেন, গত রাতে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আমরা পাইনি। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করে স্থান ত্যাগ করেন। তার উপস্থিতিতে কোনো হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কর্মসূচি চলাকালে পুলিশ সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

তিনি আরও লেখেন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন তারা এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।

যশোরে সক্রিয় হওয়ার চেষ্টা, নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা…
  • ০৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৬ জুন ২০২৬
৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শের-ই-বাং…
  • ০৬ জুন ২০২৬
১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছিল, তিন মাসে বিএনপি ততটা বাড়ি…
  • ০৬ জুন ২০২৬
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ০৬ জুন ২০২৬
জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল-অধ্যাপক শামসুল
  • ০৬ জুন ২০২৬