পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু

ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

০৫ মে ২০২৬, ১০:৩৪ PM
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি © টিডিসি সম্পাদিত

ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমকে জোরালো ও গতিশীল এবং নিষ্প্রাণ নেতাকর্মীদের চাঙা করতে খুব দ্রুত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের কাজ শুরু করতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিও পুনর্গঠন করছেন দলের হাইকমান্ড। সে লক্ষ্যে ইতোমধ্যে সঠিক নেতৃত্ব বের করে আনতে চলতি কমিটির শীর্ষ চার নেতার সঙ্গে বৈঠকও করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে সংগঠনটির পরবর্তী নেতৃত্ব সম্পর্কে বর্তমান কমিটির নেতাদের মনোভাব বোঝার জন্য মতবিনিময় করেন তিনি। সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন আসছে ঈদ উল আজহার আগে বা নিকটতম পরে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব আসতে পারে।

এদিকে, বিএনপি চেয়ারম্যানের এই ইঙ্গিত ও নতুন কমিটি আসছে; এ ধরনের বার্তায় নড়েচড়ে বসেছেন সংগঠনটির নেতারা। ইতোমধ্যেই অনেকে নতুন কমিটির শীর্ষ/প্রত্যাশিত পদে যেতে বিএনপির প্রভাবশালী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। সিনিয়র নেতাদের পাশাপাশি যার যার আয়ত্তের মধ্যে থাকা দলীয় প্রভাবশালী মন্ত্রীদের কাছেও দৌড়-ঝাঁপ করছেন।

গেল ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে সংগঠনের বর্তমান আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের ২০ এপ্রিল এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে ২৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ ইতোমধ্যেই তামাদি হয়েছে। মেয়াদোত্তীর্ণ এই কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন। সংসদ সদস্যের পাশাপাশি সাধারণ সম্পাদক রাজিব আহসান সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে রাষ্ট্রীয় কাজে অতি ব্যস্ত হয়ে পড়েছেন।

নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই নেতা এমপি-মন্ত্রী হওয়ার পর তারা সংগঠনের দিকে মনোযোগ দিতে পারছেন না। সে কারণে এমনিতেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ‘অবহেলার শিকার’ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও দলের প্রতি অনুগত ‘প্রকৃত জাতীয়তাবাদী’ পরীক্ষিতদের মধ্য থেকেই সংগঠনের পরবর্তী নেতৃত্ব আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ ৪ নেতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে সংগঠনের সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকতে তারেক রহমান নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের বিষয়টি প্রাধান্য পায়। আগের মতো এবারও নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারাই শীর্ষ পদে অগ্রাধিকার পাবেন বলে বিএনপি চেয়ারম্যান সংগঠনের নেতাদের জানিয়ে দেন।

ক্ষমতাগ্রহণ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে তার এ ধরনের প্রথম বৈঠক।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের কাজ শুরু করেছেন বিএনপির হাইকমান্ড। কমিটির সুপার ফাইভে করা স্থান পেতে পারেন, সে বিষয়ে দলের হাইকমান্ড খোঁজ খবর নিচ্ছেন। 

সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দলকে দেখা হয় ‘পুনর্বাসন সংগঠন’ হিসেবে। ছাত্রদলের সাবেক নেতাদের ‘নেতৃত্ব চলমান ও রাজনীতিতে ধরে‘ রাখার জন্য স্বেচ্ছাসেবক দলকে বেছে নেয় বিএনপি। যাদের যুবদল বা বিএনপিতে ‘উপযুক্ত’ পদে নিতে পারে না, তাদের স্থান হয় স্বেচ্ছাসেবক দলে; সাধারণ নেতাকর্মীদের মধ্যে এমন একটি কথা প্রচলিত বেশ আগে থেকেই। 

সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দলের পরবর্তী নেতৃত্ব সন্দেহাতীতভাবে পেতে পারতেন সংগঠন থেকে বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে তাকে বহিষ্কার করে বিএনপি। তাই ফিরোজ আলোচনার বাইরে। 

অপরদিকে, নতুন কমিটিতে শীর্ষ পদ (সভাপতি) জন্য আলোচনায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম ফয়েজ উল্লাহ ফয়েজ, দপ্তর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।  

সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ কয়েকজন আলোচনায় রয়েছেন। এর বাইরে সাবেক কয়েক ছাত্রদল নেতাও স্বেচ্ছাসেবক দলে স্থান পেতে অধীর অপেক্ষায় রয়েছেন। 

কমিটি পুনর্গঠন প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংগঠনের কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সঠিক সময়েই স্বেচ্ছাসেবক দলের কমিটি দেবেন। তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে তিনি উপযুক্ত নেতাকেই সংগঠনের নেতৃত্ব দেবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা যারা জেল-জুলুম-নির্যাতন ও গুমের শিকার হয়েও রাজপথে ছিলাম তাদের মূল্যায়ন করা হোক। আমার বিশ্বাস দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দেশনায়ক তারেক রহমান। আমাকে দায়িত্ব দিলে মেধা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবো।

স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, যারা তৃণমূলকে সংগঠিত করে সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন, আমার বিশ্বাস আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক তাদেরকে তিনি মূল্যায়ন করবেন।

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, যারা ত্যাগী তাদেরকে নতুন নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া উচিত। যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের দিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনে গতিশীলতা ফিরে আসবে।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, দীর্ঘ ২৭ বছরের রাজনৈতিক জীবনে ৪৭টি মামলায় ৭ বারে ৭ মাস ৬ দিন কারাবরণ করেছি। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছি। জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন দিতেও প্রস্তুত। দলের চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক যে দায়িত্ব দেন সেটাই সঠিকভাবে পালন করব-ইনশাআল্লাহ।

সভাপতি পদে আলোচনায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। তাই আমাদের সাংগঠনিক অভিভাবক আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো।

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সারা দেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে, কোথাও সম্মেলনের প্রস্তুতি চলছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলো এক এক করে দেওয়া হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিতরা স্থান পাবেন।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9