ঢাকা-৮ আসনে ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ আসিফ মাহমুদের

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © টিডিসি ফটো

ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে টেম্পারিং ও ম্যানিপুলেশনের অভিযোগ তুলেছেন এনসিপি মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

এক বক্তব্যে তিনি বলেন, “আমরা সংখ্যার হিসাব মিলিয়ে দেখছি, কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিংয়ের স্পষ্ট চেষ্টা হচ্ছে। যেখানে বিএনপির প্রার্থী পিছিয়ে যাচ্ছিলেন বা আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন, সেখানে ফল পাল্টে দেওয়ার প্রমাণ আমরা পাচ্ছি।”

তিনি অভিযোগ করেন, ঢাকা-১৩, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৭ ও ঢাকা-১৯ আসনেও একই ধরনের চিত্র দেখা গেছে। তার ভাষ্য, অনেক কেন্দ্রে গণনা শেষ হওয়ার আগেই একপক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কোথাও কেন্দ্রভিত্তিক ফলাফলের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাওয়া যায়নি।

ঢাকা-৮ আসনের বিষয়ে তিনি বিশেষভাবে অভিযোগ তুলে বলেন, কিছু কেন্দ্রে নির্ধারিত বক্সের বাইরে দেওয়া সিলকেও বৈধ ভোট হিসেবে গণনা করা হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি নির্বাচন কমিশনের মৌখিক নির্দেশনার কথা বলেন। তবে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আসিফ মাহমুদ দাবি করেন, বাতিল হওয়ার কথা থাকা ভোট গণনায় যুক্ত করে ফল পরিবর্তনের চেষ্টা হয়েছে। এমনকি একটি অডিও রেকর্ড তাদের হাতে এসেছে বলেও জানান তিনি, যেখানে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দিষ্টভাবে কিছু ভোট গণনায় অন্তর্ভুক্ত করার জন্য চাপ প্রয়োগের ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “১০০টি কেন্দ্রের ফল যোগ করলে একরকম পাওয়া যাচ্ছে, কিন্তু রিটার্নিং কর্মকর্তা বা মিডিয়ার ঘোষণায় ভিন্ন ফল আসছে। এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।”

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব আসনে এ ধরনের অভিযোগ উঠেছে, সেসবের ফলাফল যাচাই না করে ঘোষণা না দিতে। পুনরায় গণনা করে বাতিল ভোট বাদ দিয়ে সঠিক ফল প্রকাশের দাবি জানান তিনি।

এছাড়া কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনেও ফল ঘোষণাকে ঘিরে চাপ ও বিশৃঙ্খলার অভিযোগ করেন তিনি। তার দাবি, কিছু ক্ষেত্রে কেন্দ্রের ফলের সঙ্গে চূড়ান্ত ঘোষণার অমিল রয়েছে।

তিনি আরও বলেন, “সুনির্দিষ্ট কিছু আসনে—বিশেষ করে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনে—এই টেম্পারিংয়ের চেষ্টা হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হতে পারে।”

সবশেষে তিনি জানান, এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য নিয়ে জোটের পক্ষ থেকে আলোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের স্বচ্ছ ও সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পরিস্থিতি নিয়ে জনমনে আস্থাহীনতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬