চট্টগ্রাম-১৩ আসনে তিন প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে মাঠ

প্রচারণার শেষদিনে কর্মব্যস্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা

প্রচারণার শেষদিনে কর্মব্যস্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে মিছিল, গণসংযোগ আর পথসভায় ছিল ব্যস্ত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে সমর্থন চেয়েছেন প্রার্থীরা।

এ আসনে সাতজন প্রার্থী অংশে নিলেও তিন প্রার্থীকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রচারণায় সক্রিয় ছিলেন আরও একজন প্রার্থী।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা পর্ব। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা নিজেদের অবস্থান জোরালো করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন।

এই আসনে আলোচিত প্রার্থীরা হলেন- তিনবারের সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এবং বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান। তাঁদের সঙ্গে প্রচারণায় সক্রিয় ছিলেন জাতীয় গণতান্ত্রিক মুভমেন্ট (এনডিএম) মনোনীত প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মুস্তফা, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ও গণ অধিকার পরিষদের মুজিবুর রহমান চৌধুরী।

প্রচারের শেষ দিনে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম দুটি পৃথক গণমিছিলের আয়োজন করেন। বিকেল সাড়ে তিনটায় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হওয়া একটি মিছিল টানেল রোড, চাতরী চৌমুহনী ও ডাকপাড়া হয়ে মিয়ারহাট ও কোরিয়ান ইপিজেড এলাকায় গিয়ে শেষ হয়।

একই সময়ে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার থেকে আরেকটি মিছিল শুরু হয়ে ক্রসিং, ফকিরনীরহাট ও শাহমীরপুর হয়ে দৌলতপুর কেপিজেড গেট পর্যন্ত যায়।

দুটি মিছিল একত্রিত হওয়ার পর সরওয়ার জামাল নিজাম বক্তব্য দেন। বক্তব্যে তিনি আনোয়ারা ও কর্ণফুলীতে পরিকল্পিত শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাত সম্প্রসারণ, মাদক ও সন্ত্রাস দমন এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সোমবার দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট এলাকায় গণমিছিলে অংশ নিয়ে প্রচারণা শেষ করেন। তিনি দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ভোটের পক্ষেও প্রচার চালান। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আইটি সেন্টার স্থাপন ও উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার কথাও বলা হচ্ছে। কারা হুমকি দিচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বিএনপির দিকেই অভিযোগের আঙুল তোলেন।

বৃহত্তর সুন্নি জোট ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী এস এম শাহজাহান সোমবার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার খাদ্য গুদামের সামনে থেকে একটি মিছিলে অংশ নেন। মিছিলটি আনোয়ারা সদর প্রদক্ষিণ করে জয়কালীবাজার হয়ে একটি কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে তিনি চাতরী চৌমুহনী বাজারে গণসংযোগ করেন।

শেষ দিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৭ বছর এলাকায় না থাকা অনেকেই ভোটের আগে এসে গল্প শোনাচ্ছেন। করোনার মতো দুর্যোগে আমরা জনগণের পাশে ছিলাম।

তিনি আরও বলেন, আরেক পক্ষ মুখে মধু, অন্তরে বিষ নিয়ে কথা বলছে। এই দুই পক্ষ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

একই দিনে জাতীয় গণতান্ত্রিক মুভমেন্ট (এনডিএম) মনোনীত প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী আনোয়ারা সদরের আব্দুল জলিল সড়ক থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে বিকেলে কার্যক্রম শেষ করেন।

চাঁদাবাজি প্রসঙ্গে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম মুঠোফোনে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, দেশে চাঁদাবাজি ও নৈরাজ্য চলবে না। নির্বাচনের পর দলের কেউ চাঁদাবাজি বা দখলবাজিতে জড়ালে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-১৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন এবং কোনো বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৭১৪ এবং নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৩২ জন।

জুলাই শহীদদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে: স্বাস্থ্যম…
  • ১৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপী…
  • ১৬ জুলাই ২০২৬
মাসে ৮ কোটি টাকার বিষ সংগ্রহ সম্ভব, তবু থমকে আছে দেশের একমা…
  • ১৬ জুলাই ২০২৬
স্বাস্থ্যখাতে প্রযুক্তির যে অগ্রগতি ৫-১০ বছরে হতো, এখন তা দ…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএস: নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ জন
  • ১৬ জুলাই ২০২৬
স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence