শহীদ হাদি হত্যার বিচারের দাবি

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ PM
শাহবাগে শহীদ হাদি হত্যার বিচারের দাবি

শাহবাগে শহীদ হাদি হত্যার বিচারের দাবি © টিডিসি ফটো

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আন্দোলন শুরু হওয়ার পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ - এমন নানা স্লোগান দিতে থাকেন। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।

এর আগে, গতকাল রবিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশ করে আন্দোলন সাময়িক স্থগিত করেছিলেন। এ সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবিগুলো হলো, ১) খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে, ২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, ৩) ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে, ৪) সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬