বিদায় নিয়েছেন প্রায় দেড় মাস আগে। কিন্তু এখনো ফেসবুকে নিজেকে সংগঠনের সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ৩১ জুলাই রেজোয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই আগের কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিজের ফেসবুক আইডিতে পদ সংশোধন করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সাইফুর রহমান সোহাগ পদ সংশোধন করেননি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রলীগ একটি গতিশীল ও জনপ্রিয় সংগঠন। নতুন কমিটি হয়ে যাওয়ার পর এখনো ফেসবুকে নিজেকে সভাপতি হিসেবে পরিচয় দেয়া দুঃখজনক। এতে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদেরও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। তাই আশা করি সংগঠনের স্বার্থে তিনি (সাইফুর রহমান সোহাগ) এটি পরিবর্তন করে নেবেন।
সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদমর্যাদার এক নেতা বলেন, এ বিষয়ে কিছু বলার নাই। এটা স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা।
এর আগে বিকাল ৩টার দিকে আমিনুল ইসলাম বুলবুল ফেসবুক স্ট্যাটাসে লিখেন, 'ছাত্রলীগের ওয়েবসাইটের তথ্য আপডেট করা প্রয়োজন।শেখ হাসিনার নিউ মডেল ছাত্রলীগের সভাপতি -সাধারণ সম্পাদক এই দিকে একটু সুনজর দিবেন।' স্ট্যাটাসের নিচে মাজহারুল কবির শয়ন ও সাইফুররহমান সোহাগের ফেসবুক আইডির স্ক্রীণসট দিয়ে লেখেন 'সাবেক প্রেসিডেন্টের আইডিও।'
এ বিষয়ে জানতে সাইফুর রহমান সোহাগ বলেন, এটা ভুলবশত হয়নি। আজকের মধ্যেই ঠিক করে নেবো।