কলমের জাদুতে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন ঘটিয়ে বাংলা সাহিত্যে সৃষ্টি করেছিলেন এক অনন্য জগৎ। মিসির আলি ও হিমুর মতো কালজয়ী চরিত্রের মাধ্যমে কোটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ তার ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।
প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে তার নিজ জেলা নেত্রকোনায় শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। হলুদ পাঞ্জাবি গায়ে ছেলেরা হিমু এবং নীল শাড়িতে মেয়েরা রূপা সেজে উৎসবে অংশ নেবেন। লেখকের সিনেমা ও নাটকের জনপ্রিয় গানের তালে নাচ-গান, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আড্ডায় মুখর হয়ে উঠবে শহর।
প্রায় এক যুগ ধরে হুমায়ূন আহমেদের জন্মদিনে এ উৎসবের আয়োজন করে আসছে তারুণ্যনির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা। প্রতিবছরের মতো এবারও উৎসবে অংশ নেবেন লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন বয়সী হুমায়ূনভক্তরা।
আয়োজকরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় লেখকের বিভিন্ন শিক্ষামূলক উক্তি সংবলিত টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ১১টায় হিমু ও রূপা সেজে অংশগ্রহণকারীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করবেন।
শোভাযাত্রাটি শহরের সাতপাই নদীর পাড়ের চক্ষু হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এতে লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষার্থী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। সেখানে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে।
দিনের আয়োজনের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও ভক্তরা। পাশাপাশি গান ও আড্ডায় স্মরণ করা হবে প্রিয় এই কথাসাহিত্যিককে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। মায়ের প্রথম সন্তান হওয়ায় তার জন্মের পর নানা মামার বাড়িতে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। এমনকি জন্মঘরে তার নামফলকও লাগিয়ে রেখেছিলেন তিনি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে রয়েছে হুমায়ূন আহমেদের পৈতৃক ভিটা। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা থেকে তিনি সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। এরপর থেকে তার জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথনের আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা। দিনটিকে ঘিরে প্রতিবছর নেত্রকোনা শহর পরিণত হয় লেখক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায়।