কণ্ঠশিল্পী সম্রাট আব্বাসউদ্দীনের জন্মদিন আজ

২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ AM
কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ

কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ © সংগৃহীত

ভাওয়াইয়া সম্রাটখ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদের জন্মদিন আজ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের আইনজীবী।

আব্বাসউদ্দীনের শিক্ষাজীবন শুরু হয় বলরামপুর স্কুলে। ১৯২১ সালে কোচবিহার কলেজ থেকে আইএ পাস করেন তিনি। তবে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে সংগীতজগতে প্রবেশ করে নিজের প্রতিভা ও দরদভরা কণ্ঠ দিয়ে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা।

আধুনিক গান, স্বদেশি গান, ইসলামী সংগীত, পল্লিগীতি ও উর্দু গানসহ বিভিন্ন ধারার সংগীতে তার অবদান রয়েছে। তবে পল্লিগীতিতে তার মৌলিকতা ও সাফল্য ছিল সবচেয়ে বেশি। প্রাতিষ্ঠানিকভাবে কোনো ওস্তাদের কাছে তালিম না নিয়েই সংগীতচর্চা শুরু করেন তিনি। পরে কিছুদিন ওস্তাদ জমিরউদ্দীন খাঁর কাছে উচ্চাঙ্গসংগীত শেখেন।

রংপুর ও কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া গান গেয়ে প্রথম পরিচিতি লাভ করেন আব্বাসউদ্দীন। পরে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মর্সিয়া ও পালাগান গেয়েও শ্রোতাদের মন জয় করেন। পল্লিগানের সুর ও আবেগকে তার দরদভরা কণ্ঠে যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা বাংলা সংগীতের ইতিহাসে তাঁকে স্বতন্ত্র অবস্থান দিয়েছে।

কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন ও গোলাম মোস্তফাসহ বিশিষ্ট কবিদের ইসলামী ভাবধারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন আব্বাসউদ্দীন। ‘বিষ্ণুমায়া’, ‘মহানিশা’, ‘একটি কথা’ ও ‘ঠিকাদার’এই চারটি বাংলা চলচ্চিত্রে তার অভিনয়ের তথ্য পাওয়া যায়। ‘ঠিকাদার’ চলচ্চিত্রে তিনি একজন কুলির চরিত্রে অভিনয় করেন। এসব চলচ্চিত্রে গানও গেয়েছেন তিনি।

‘আমার শিল্পী জীবনের কথা’ আব্বাসউদ্দীনের রচিত একমাত্র গ্রন্থ। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মরণোত্তর শিল্পকলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন।

বাংলা পল্লিসংগীতকে জনপ্রিয় করে তোলা এই কিংবদন্তি শিল্পী ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর গান ও সংগীতকর্ম আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ হয়ে আছে।

প্রিয় কাদের, এনসিপি নেত্রীদের জোর করে যতটা জামায়াত বানাতে চ…
  • ২৮ অক্টোবর ২০২৬
নাটোরের এমপিকে যদি পদত্যাগ করাতে পারেন, তবেই ছাত্রদল স্বরুপ…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিষখালী নদীতে অভিযান: ১২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৫ জেলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
  • ২৮ অক্টোবর ২০২৬
৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটের আংশিক শিক্ষা কার্যক্রম …
  • ২৮ অক্টোবর ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ২৮ অক্টোবর ২০২৬