সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা কর্মচারীদের

২৮ মে ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
 সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা © সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা। একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। 

বুধবার (২৮ মে) বেলা ২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। 

সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর জানান, সব বিষয় মাথায় রেখে আগামী দিনগুলোতে তারা আন্দোলন কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জরুরি সেবার বিষয়টি বিবেচনা করে সচিবালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে। মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে একই কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে।

তিনি বলেন, তবে জরুরি সেবা, যেমন যারা বাজেটের কাজের সঙ্গে সংশ্লিষ্ট, যারা হাসপাতালে রোগীদের সেবা দিয়ে থাকেন, সেসব কর্মচারী যেন আধা ঘণ্টার বেশি কর্মসূচি পালন না করেন সেই অনুরোধ জানান তিনি। 

তিনি আরও বলেন, যদি ৩১ মের পর ভালো কোনো ফলাফল না পাওয়া যায়, তাহলে আন্দোলন অব্যাহত থাকবে। সেই কর্মসূচি পরে পরিষ্কার করা হবে। তবে আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

এর আগে, আজ সকালে কর্মচারীদের সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এম এম সালেহ আহমেদের নেতৃত্বাধীন কয়েকজন সচিব ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কাছে তুলে ধরেন।মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এ অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালো আইন উল্লেখ করে এটি বাতিলের দাবিতে গত শনিবার থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন কর্মচারীরা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬