মোসা. রোজিনা আক্তার © সৌজন্যে প্রাপ্ত
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের ২৬ বছর বয়সী অসহায় নারী মোসা. রোজিনা আক্তার। তালাকপ্রাপ্তা ও কর্মহীন এই নারী দীর্ঘদিন ধরে কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার জরুরি। এ জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
রোজিনার চার বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। কোনো আয়-রোজগার না থাকায় ব্যয়বহুল এই অস্ত্রোপচারের খরচ বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে বর্তমানে তাঁর চিকিৎসাও বন্ধ রয়েছে। প্রতিনিয়ত তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাঁর।
চিকিৎসার জন্য প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রোজিনা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান—নিটোর) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পরামর্শ দেন।
কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারছেন না রোজিনা। বর্তমানে শারীরিক যন্ত্রণার পাশাপাশি সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর। সমাজের বিত্তবান, হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে চিকিৎসা সম্পন্ন করতে চান তিনি।
রোজিনা বলেন, ‘আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার ছোট সন্তানটির জন্য বাঁচতে চাই। সমাজের হৃদয়বান মানুষ যদি আমার পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’
যোগাযোগ ও বিকাশ নাম্বার: ০১৪০৬৮৩৯০০৬; অ্যাকাউন্ট নাম্বার: ০০৮৮১২০০০০০৪৮, আলী আকবর, এসবিএসি ব্যাংক, মিরপুর-১, ঢাকা।