বললেন হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ ও জর্জ অরওয়েলের ১৯৮৪ © টিডিসি সম্পাদিত
জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্প টিকিয়ে রাখতে মালিকদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। তিনি অভিযোগ করেছেন, দেশে গার্মেন্টস মালিকদের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিভিন্ন দপ্তরে ঘুষ, হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। এসব কারণে উৎপাদন ব্যয় বাড়ছে এবং শিল্প খাত সংকটে পড়ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ও শিল্প খাতের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জর্জ অরওয়েলের ১৯৮৪ উপন্যাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, উপন্যাসটিতে যেভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের নামের সঙ্গে তাদের কাজের বাস্তবতার বৈপরীত্য দেখানো হয়েছে, বর্তমান সরকারও একইভাবে শব্দের পরিবর্তনের মাধ্যমে বাস্তবতা আড়াল করছে। গার্মেন্টস মালিকদের এসব ‘উপহার’ দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।
হাসনাত বলেন, ‘জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ নামে একটা উপন্যাস ছিল। ওখানে উনার চারটা মিনিস্ট্রি ছিল—মিনিস্ট্রি অব ট্রুথ, মিনিস্ট্রি অব পিস, মিনিস্ট্রি অব লাভ এবং মিনিস্ট্রি অব প্লেন্টি। মিনিস্ট্রি অব পিস যুদ্ধ লাগাত, আর মিনিস্ট্রি অব লাভ টর্চার করত। মিনিস্ট্রি অব ট্রুথ সব সত্যকে ডিস্টর্ট করত। ঠিক একইভাবে এই সরকার জর্জ অরওয়েলের এই ফর্মুলাটা ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছে। এই সরকার ঋণখেলাপি বলে না, উনারা বলেন ঋণগ্রস্ত। উনারা চাঁদাবাজি বলেন না, বলেন সমঝোতা। আবার উনারা ঘুষ বলেন না, বলেন কী? উপহার! এই উপহারের অত্যাচারে আজকে গার্মেন্টস মালিকরা উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন।’
তিনি বলেন, পোর্ট থেকে যে ওয়্যারহাউসে, বন্ডেড ওয়্যারহাউসে আনতে হয়, সেখানেও উপহার দিতে হয়। বন্ডেড ওয়্যারহাউস থেকে ফ্যাক্টরিতে আনতে সেখানেও উপহার দিতে হয়। ফ্যাক্টরি ভিজিটের নামে একটা হয়রানি চলে, সেখানেও উপহার দিতে হয়। আবার ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করার জন্য সেখানেও উপহার দিতে হয়। আর উপহার যেন না দিতে হয়, সেজন্য সরকারদলীয় বিভিন্ন নেতা অথবা কোনো প্রভাবশালী নেতাকে তারা কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেন। এটাকে প্রটেকশন মানি হিসেবে পরিচিত করা হয়। এই প্রটেকশন মানি তাদের দিতে হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না।’ আমরাও এটা বিশ্বাস করি। কিন্তু আমাদের সংকটের জায়গা হচ্ছে, বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়। প্রতিদিনের মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকদের মজুরি পরিস্থিতি বিবেচনায় তাদের আন্দোলন যৌক্তিক।
তিনি বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতি গড়ে ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা। অথচ একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা। এমন পরিস্থিতিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকটও যুক্ত হয়েছে।
প্রতিমন্ত্রীর অতীতের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় গেলে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছিল। বর্তমান মজুরি বোর্ডের কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে বলে আশা করেছিলাম। কিন্তু প্রতিদিন মজুরি বোর্ডের বৈঠকের কথা থাকলেও আজকের বৈঠকও হয়নি।
সরকার শ্রমিকদের আন্দোলন যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না উল্লেখ করে হাসনাত বলেন, মালিকপক্ষের ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা রয়েছে। গার্মেন্টস শিল্পের প্রায় ৮২ শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানি থেকে শুরু করে বন্ডেড ওয়্যারহাউস, কারখানায় সরবরাহ এবং রপ্তানির প্রতিটি পর্যায়ে বিভিন্ন দপ্তরের অনুমতি নিতে হয়। আর এসব প্রক্রিয়ায় মালিকদের উপহার দেওয়ার নামে অর্থ দিতে হয়।
তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এ সরকারের আমলে কিছু শব্দ পরিবর্তন হয়েছে। ঋণখেলাপি বলা হয় না, বলা হয় ঋণগ্রস্ত। চাঁদাবাজি বলা হয় না, বলা হয় সমঝোতা। আবার ঘুষ বলা হয় না, বলা হয় উপহার।’
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ইরানে গিয়ে বোমা হামলা করেনি, এটা সবাই জানে। কিন্তু গ্যাস সংকটকে পুঁজি করে দুর্নীতি করা হচ্ছে। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এ ক্ষেত্রে ৬ হাজার ৩০০ কোটি টাকা বেশি দিয়ে একটি প্রস্তাবের সঙ্গে সংসদ সদস্যের এক নাতির প্রস্তাবের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এ সময় দেশের বিভিন্ন শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে হাসনাত বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।