আ ক ম মোজাম্মেল হক © টিডিসি সম্পাদিত
গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার মধ্যেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরাতন টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি, আমরা এখনো নিশ্চিত নই। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’
দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডে উসকে দেয়ার নির্দেশ দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাঁস হওয়া একটি অডিওতে ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত দুই থেকে তিনটি বাড়িতে আগুন দেয়ার কথা বলতে শোনা যায় তাকে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনে হত্যার কথাও রয়েছে অডিওতে।
অডিওতে তাকে আরও বলতে শোনা যায়, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানোর মতো ঘটনা ঘটাতে হবে। প্রয়োজনে প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।
অডিওর আরেক অংশে মোজাম্মেল হককে নেতাকর্মীদের কোমরে গামছা বেঁধে লাঠি, চেন ও দা নিয়ে মাঠে নামার আহ্বান জানাতে শোনা যায়। ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করার পাশাপাশি ৩১ তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে ৩০ তারিখের মধ্যে প্রতিপক্ষকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নির্ধারণের কথা শোনা যায়।