প্রাথমিকর শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি © ভিডিও থেকে নেওয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূন্য থাকা ১ হাজার ৫৫৪টি পদে প্যানেল তৈরি করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগপ্রত্যাশীরা। দাবি আদায় না হলে আগামীতে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের ৬৪ জেলা থেকে আসা প্যানেলপ্রত্যাশী প্রার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে গত ৩ নভেম্বরও একই দাবিতে অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে বর্তমানে ১ হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে। ২০২৫ সালের নিয়োগ পরিপত্রের আলোকে আড়াই হাজারেরও বেশি প্রার্থীর সমন্বয়ে একটি অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব শূন্য পদ পূরণের সুযোগ রয়েছে। ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুইবার অপেক্ষমাণ তালিকা প্রকাশ করলেও এবার কেন তা প্রকাশ করা হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।
মানববন্ধনে এক আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত—চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ ৬৪ জেলা থেকে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেক নারী প্রার্থী তাদের ছোট সন্তানদের কোলে নিয়ে রাজপথে নেমেছেন। প্যানেল করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া আমাদের ন্যায্য দাবি, কারও করুণা বা দয়া নয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে আমাদের ন্যায্য দাবির প্রতি সদয় হোন।’
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নই। আমাদের দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আগামীতে অবস্থান কর্মসূচি, আমরণ অনশন এবং কাফনের কাপড় পরে মাঠে নামতে বাধ্য হব। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন, অন্যথায় ছাত্রসমাজকে দাবিয়ে রাখা যাবে না।’
কর্মসূচি থেকে আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার এবং দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
আন্দোলনকারীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৬১টি জেলায় মোট ১৪,৩৮৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। তবে ইতোমধ্যে সুপারিশকৃত ১৫০০ এর অধিক শিক্ষার্থী বিভিন্ন কারণে চাকরিতে যোগদান করেননি; ফলে পূর্বনির্ধারিত ১৪,৩৮৪টি পদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে।
স্মারকলিপিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা কর্তৃক ২৫ আগস্ট ২০২৫ তারিখে জারীকৃত পরিপত্রের অনুচ্ছেদ (গ) এর কথা উল্লেখ করে বলা হয়, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমাণ তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীর রেজাল্ট শিট উপস্থাপনপূর্বক শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে। এছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, উক্ত অপেক্ষমাণ তালিকার মেয়াদ প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে ১ (এক) বছর বলবৎ থাকবে।
প্রার্থীরা তাদের দাবির পক্ষে মূলত তিনটি যৌক্তিক দিক তুলে ধরেছেন। সেগুলো হলো—সরকারি নির্দেশনার প্রতিফলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৫ এর পরিপত্র অনুযায়ী অনাবোদিত/অযোগানকৃত প্রার্থীর কারণে সৃষ্ট শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থী দ্বারা পূরণের সুযোগ রয়েছে। শিক্ষক সংকট নিরসনে শূন্য পদগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট দ্রুত হ্রাস পাবে এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে এবং অর্থ ও সময়ের সাশ্রয়ে নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজন না করে বিদ্যমান উত্তীর্ণ মেধা তালিকা থেকে যোগ্য প্রার্থী নিয়োগ প্রদান করলে সরকারের সময়, অর্থ ও প্রশাসনিক শ্রম সাশ্রয় হবে।