উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ PM
 কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমানবন্দর © সংগৃহীত

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে শুরু হয়েছে যাত্রীসেবা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন ভবন ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিভিন্ন এয়ারলাইনস। নতুন টার্মিনাল থেকে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা।

সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ইউএস-বাংলার ফ্লাইটটি। এর মধ্য দিয়ে নতুন টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীসেবা কার্যক্রম শুরু হলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবরে নতুন টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তবে যাত্রীদের সুবিধা বাড়ানো এবং বিমানবন্দরের কার্যক্রম আরও আধুনিক করতে উদ্বোধনের আগেই নতুন ভবনটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তোজা হোসেন জানান, নতুন টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার বিষয়ে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট সব বিভাগ ও এয়ারলাইনসকে চিঠি দেওয়া হয়েছিল। ২৮ সেপ্টেম্বর থেকে নতুন ভবন ব্যবহার করে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়।

ইউএস-বাংলার কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুসা আহমেদ বলেন, ‘তাদের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে নতুন টার্মিনালের কার্যক্রমের সূচনা হয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভবনে যাত্রীসেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।’

নতুন টার্মিনালে রয়েছে ১৪টি চেক-ইন কাউন্টার। এর মধ্যে নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রাকে যৌথভাবে কাউন্টার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে এয়ারলাইনসগুলো আলাদাভাবে কাউন্টার ব্যবহারের সুযোগও পাবে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কক্সবাজারে দিন দিন বাড়ছে বিমানযাত্রীর চাপ। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় বিমানবন্দর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

এর আগে গত বুধবার নতুন টার্মিনাল চালুর প্রস্তুতি পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানিয়েছিলেন, অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলো নতুন টার্মিনালে যাত্রী ব্যবস্থাপনা কার্যক্রম স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বেবিচক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পর আগামী মাসে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনাল চালুর ফলে কক্সবাজারের বিমান যোগাযোগ ব্যবস্থায় আরও আধুনিক সেবা যুক্ত হলো।

সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো ৩ অক্ট…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এআইকেন্দ্রিক ব্যবসায়িক রূপান্তর ও সাইবার নিরাপত্তা নিয়ে ৩ দ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির বাসচাপায় শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় প্রশাসনের কমি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬