মাদকসেবীদের বেঁধে ঠেলাগাড়িতে ঘোরালেন এলাকাবাসী, অতঃপর...

১৬ জুলাই ২০২৬, ০২:০৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩২ PM
অভিযানে আটক ছয় মাদকসেবীকে ঠেলাগাড়িতে বেঁধে এলাকায় ঘোরানোর হয়

অভিযানে আটক ছয় মাদকসেবীকে ঠেলাগাড়িতে বেঁধে এলাকায় ঘোরানোর হয় © টিডিসি

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ছয় কথিত মাদকসেবীকে ঠেলাগাড়িতে বেঁধে এলাকাজুড়ে ঘোরানোর পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন সভাপতি আলহাজ অলি উল্লাহর নেতৃত্বে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল, সজিব, জামাই সেলিম, রোহিম, তাজুসহ ছয়জনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪২টি  ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তিদের প্রথমে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঠেলাগাড়িতে বেঁধে ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘোরানো হয়। পরে তাদের রামগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, গুচ্ছগ্রাম এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদকের আখড়া গড়ে উঠেছিল। সেখান থেকেই বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু বলেন, ‘আমাদের ইউনিয়নে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। আজকের অভিযানের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছি। ভবিষ্যতে যাকেই মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত অবস্থায় পাওয়া যাবে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।’

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ ওলিউল্লাহ বলেন, ‘আমরা ইউনিয়নবাসীকে আশ্বস্ত করতে চাই, ইছাপুর ইউনিয়নে মাদকের কোনো স্থান হবে না। সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। কোথাও মাদক সেবন বা বিক্রির খবর পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান এবং আইনি ব্যবস্থায় সহযোগিতা করুন।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজউদ্দিন চৌধুরী বলেন, ‘ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ ওলি উল্লাহর মাধ্যমে ছয়জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৪২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ  করা হয়েছে।’

বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬