থানায় বিক্ষোভ করেছেন গাজী টায়ারস কারখানার আগুনে নিখোঁজদের স্বজনরা

০৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
রূপগঞ্জ থানা

রূপগঞ্জ থানা © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন তাদের পরিবারের সদস্যরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা নিখোঁজ ব্যক্তিদের ছবি হাতে নিয়ে প্রায় দুই ঘণ্টা থানার সামনে অবস্থান করেন।

এ সময় রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বিক্ষোভরত স্বজনদের বুঝিয়ে থানা থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট গাজী টায়ারসে লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচদিন ধরে আগুন জ্বলে এ কারখানায়।

কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজ সন্ধান চেয়ে বিক্ষোভের সময় তাদের স্বজনরা বলেন, আগুনের ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধান দিতে পারেনি সরকারি কোনও সংস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলছে না প্রশাসনের লোকজন। কারখানার ভেতরে দেহাবশেষ কিছু আছে কি না সে বিষয়েও অনুসন্ধান চালানো হয়নি।

নিখোঁজদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন তাদের স্বজনরা।

এ বিষয়ে ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। ওই সময় সেনাবাহিনী কাজ করেছে। যাদের নাম মিস গেছে তারা নতুন করে নাম ঠিকানা দেন। আবার খোঁজ নেবো। 

এর আগে গত ২৯ ডিসেম্বর নিখোঁজদের স্বজনরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে।

ট্যাগ: পুলিশ
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদ নন
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬