বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড © টিডিসি ছবি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ত্রিশাল উপজেলার বাঘাদাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার বেপারী (৭৫), তার দুই ছেলে আলমগীর মিয়া (৫৩) ও রনি (৩৭) এবং আব্দুস সাত্তার বেপারীর ছোট ভাই আশিকুর রহমান আশিক (৩৫)। এর মধ্যে আসামি আলমগীর, রনি এবং আশিক বর্তমানে পলাতক রয়েছেন।
তবে মামলার ১৬ আসামির মধ্যে বাকি ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মালেক জানান, ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উপজেলার বাঘাদাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বার বেপারীর ছেলে আব্দুস সালাম বেপারী। এ ঘটনায় আদালতে চার্জশিট দাখিল হলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এইচ এম খালেকুজ্জামান।
উল্লেখ্য, মামলার বাদী আব্দুস সালাম বেপারী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার বেপারী পারিবারিক সর্ম্পকে সহোদর ভাই। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ২৮ মে বাদীর বড় ছেলে সোহেলের ওপর আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা করে গুরুতর জখম করেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২০১১ সালের ২৯ মে) মারা যান সোহেল।