বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ PM
দণ্ডপ্রাপ্ত আলীম কাজী

দণ্ডপ্রাপ্ত আলীম কাজী © টিডিসি

গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আলীম গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন আলীম। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় মাদক সেবন করে বাড়িতে এসে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বাবা ইসমাইল কাজী বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীম বাবাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির জন্য আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি ধারালো বঁটি নিয়ে এসে তার গলায় এলোপাতাড়ি কোপ দেন। এতে ইসমাইল কাজীর শ্বাসনালি কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ!
  • ০৭ আগস্ট ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৭ আগস্ট ২০২৬
গ্যাস লিকেজের আগুনে দগ্ধ এক পরিবারের তিনজন
  • ০৭ আগস্ট ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আ.লীগ নেতা …
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?
  • ০৭ আগস্ট ২০২৬