ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চুরি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্বে অবহেলা এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল ঠেকাতে নিরাপত্তাকর্মীদের চারটি নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় চুরিসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের দায়িত্ব পালনে শৈথিল্যও লক্ষ করা গেছে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনাগুলো হলো—নিরাপত্তাকর্মীদের নির্ধারিত পোশাক পরে নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের ওপর সতর্ক নজর রাখতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট অফিসপ্রধান, প্রক্টর কার্যালয় অথবা এস্টেট ম্যানেজারকে জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মীদের এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রশাসন।