কুমিল্লা বিশ্ববিদ্যায়ে

আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি

১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন' শীর্ষক মেগা প্রকল্পের কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নির্মাণসামগ্রীর দর বৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয় ও মেয়াদ-উভয়ই বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম সংশোধনী প্রস্তাবে (আরডিপিপি) মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ২৪২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। যা মোট প্রকল্পর ১৪ দশমিক ৬২ শতাংশ। ফলে ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পটির ব্যয় বেড়ে হচ্ছে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

আগামী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপনের কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশোধিত প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে পাঠানোর সুপারিশ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

পরিকল্পনা কমিশনের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন পায়। তখন এর প্রাক্কলিত ব্যয় ছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা এবং ২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ব্যয় বৃদ্ধি ছাড়াই প্রথম দফায় প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। বর্ধিত সেই সময়েও প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ২০২২ সালের হালনাগাদ রেট সিডিউল কার্যকর হওয়ায় নির্মাণ ও পূর্তকাজের ব্যয় পুনঃপ্রাক্কলন করতে হয়েছে। ফলে ব্যয় বৃদ্ধি ও অবশিষ্ট কাজ শেষ করার স্বার্থে প্রকল্পটি প্রথমবারের মতো সংশোধনের প্রস্তাব এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সংশোধিত প্রস্তাবে প্রকল্পের কার্যপরিধিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তা ব্যারাক, বহিঃঅগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প হাউজ, পানি সঞ্চালন লাইন, বৈদ্যুতিক সংযোগ, আর্বোরিকালচার, পরিবেশগত ছাড়পত্র ও ব্যাংক চার্জসহ ১৫টি নতুন অঙ্গ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া পিডব্লিউডির নতুন রেট সিডিউলের কারণে ছাত্র-ছাত্রী হল, একাডেমিক ভবন, উপাচার্য ও শিক্ষকদের বাসভবন, টিএসসি, অডিটোরিয়াম এবং ভূমি উন্নয়নসহ বেশ কিছু অঙ্গের নির্মাণ ব্যয় বেড়েছে।

অন্যদিকে, প্রকল্পের সৌন্দর্যবর্ধন ও বিনোদনমূলক বেশ কিছু কাজ থেকে সরে আসা হচ্ছে। সংশোধনীতে লেকের ওপর ব্রিজ নির্মাণ, স্মৃতিস্তম্ভ, ওয়াচ টাওয়ার বা শহীদ মিনার, পারিবারিক বিনোদন এলাকা এবং বৈজ্ঞানিক ও টেলিযোগাযোগ যন্ত্রপাতিসহ ৬টি অঙ্গ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, মেডিকেল সেন্টার, স্পোর্টস কমপ্লেক্স, লেক খনন ও জলাধার নির্মাণ, সৌরবিদ্যুৎ এবং গভীর নলকূপসহ ৮টি খাতে ব্যয় কমানো হয়েছে।

জানতে চাইলে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি ২০১৮ সালে অনুমোদন পেলেও টেন্ডার, ভূমি অধিগ্রহণ ও মাষ্টারপ্ল্যান তৈরিতে কয়েকবছর সময় লেগেছিল। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া নতুন কিছু কাজ যুক্ত হওয়ায় ব্যয় বৃদ্ধির প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরাদ্দ ও সময় দুটি বাড়ানোর প্রস্তাব একনেকে উঠছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটির পেছনে ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা। এ সময়ে প্রকল্পের আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৮৬ দশমিক ৮৩ শতাংশ। বাকি প্রায় ১৩ শতাংশ কাজ শেষ করতেই ২০২৭ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন মনে করছে, প্রকল্পটির প্রায় ৮৭ শতাংশ ভৌত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। একনেক সভায় প্রথম সংশোধনী প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে বর্ধিত মেয়াদের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করা সম্ভব হবে। এর ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির পথ আরও সুগম হবে।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন এবং গবেষণাবান্ধব আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতেই প্রকল্পটি নেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় ১৯৫ দশমিক ৫২ একর ভূমি অধিগ্রহণ ও ১০০ একর ভূমি উন্নয়নের পাশাপাশি বেশ কয়েকটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে ১০ তলা বিশিষ্ট ২টি ছাত্রহল, ২টি ছাত্রীহল, শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি ও কর্মচারী ভবন রয়েছে।

এছাড়া কলা ও মানবিক, বিজ্ঞান, প্রকৌশল এবং বিজনেস স্ট্যাডিজ অনুষদের জন্য ৪টি ১০ তলা একাডেমিক ভবন, ৬ তলা প্রশাসনিক ভবন, ৬ তলা লাইব্রেরি, ৫ তলা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ৩ তলা অডিটোরিয়াম ও মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ এবং ৭টি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। দেশের সংকটময় পরিস্থিতিতেও যেন শিক্ষাখাতের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের প্রকল্পের কিছু কাজ কাটছাঁট করা হয়েছে। তবে বাদ দেওয়া কাজগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। আমরা আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব। আর প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট পুরোপুরি দূর হবে।’

প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬
মুমিনুল ম্যাজিকে ভাঙল প্রোটিয়াদের বড় জুটি
  • ১৬ নভেম্বর ২০২৬
৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬
মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন
  • ১৬ নভেম্বর ২০২৬