ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন © সংগৃহীত
শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখলে তাদের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটে না বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও ক্লাবের সাথে যুক্ত হয়ে নিজেদের পরিধি বিস্তৃত করা জরুরি বলে মনে করেন তিনি ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ইবি সায়েন্স ক্লাব’ কর্তৃক আয়োজিত ‘স্পিক টু লিড: কমিউনিকেশন এক্সসিলেন্স’ শীর্ষক এক ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞানচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ইবি উপ-উপাচার্য বলেন, বিগত কয়েকশ বছরে বিজ্ঞান ও গবেষণায় মুসলিমদের পিছিয়ে পড়ার কারণেই আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। তবে আব্বাসীয় শাসনামলের মতো স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আমাদের যে গৌরবোজ্জ্বল অবদান ছিল, তা ফিরিয়ে আনতে হলে বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। এই যাত্রা শুরু করার জন্য সায়েন্স ক্লাবের মতো প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
নটরডেম কলেজের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শিক্ষার্থীদের শুধুমাত্র জিপিএ-ফাইভ পাওয়ার জন্য পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা হয় না, বরং বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত করে তাদের চিন্তার ক্ষেত্র প্রসারিত করা হয়। এর ফলে পড়াশোনা শেষে তারা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে। এ ধরনের ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শুধু নেতৃত্বের গুণাবলি বা উপস্থাপনার দক্ষতাই তৈরি হয় না, বরং দেশ ও বিদেশে অবস্থানরত অভিজ্ঞ সিনিয়রদের সাথে এক শক্তিশালী যোগাযোগ বা নেটওয়ার্ক গড়ে ওঠে—যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।
ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী। এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী মানুষদের বাস্তব জীবনের 'সফট স্কিল', শিষ্টাচার এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের কাজ করা প্রতিষ্ঠান NAIYOK এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. শামীম এইচ. নাহিন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক সজল সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।