একাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়াই পুরোদমে ক্লাস চালুর উদ্যোগ
চুয়েট লোগো © টিডিসি সম্পাদিত
এ যেন এক বিশ্ববিদ্যালয়ে দুই ভিসি। একজন সরকার নিয়োজিত, অপরজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মনোনীত। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নথিতে ভিসি একজন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকজনের নাম। ঘটনাটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)।
৫২ দিন আগে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির তৎকালীন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। পরে এতে অংশ নেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরাও।
এই ভিসি পরিবর্তনকে কেন্দ্র করে দীর্ঘদিনের অচলাবস্থার পর সম্প্রতি ধীরে ধীরে শিক্ষাকার্যক্রম শুরু হলেও এখনও কাটেনি সংকট। একদিকে কয়েকটি বিভাগ ক্লাস ও পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মেনে এসব কার্যক্রম শুরু হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া ক্লাস চালুর উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রশাসনিক ও একাডেমিক জটিলতায় ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, পদোন্নতি, উচ্চশিক্ষার ছুটি, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি, বেতন স্কেল ও উন্নয়ন বাজেটসংক্রান্ত কাজও জটিল হয়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সামনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে শিক্ষাকার্যক্রম আংশিক সচল হলেও প্রশাসনিক ও একাডেমিক সংকট থেকে বের হতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ অক্টোবর ৩৬ দিনের অচলাবস্থার পর চুয়েটে আংশিকভাবে ক্লাস শুরু হয়। তবে সব বিভাগে একসঙ্গে শিক্ষাকার্যক্রম চালু হয়নি। গতকাল ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বেশির ভাগ বিভাগ ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি বিভাগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়টি এখনো অনিশ্চিত। ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফেরা এবং ভবিষ্যতে পরীক্ষা ও ফলাফল নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।
চুয়েটের একাডেমিক বিধি অনুযায়ী, সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের সময়সূচি প্রণয়ন ও অনুমোদনের জন্য নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণের বিধান রয়েছে। বিধির ২.১.৬.৭ ধারায় বলা হয়েছে, বিভাগের প্রধান সংশ্লিষ্ট অনুষদের ডিনের মাধ্যমে সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের সময়সূচি অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে প্রস্তাব করবেন। ক্লাস শুরুর আগেই এ সময়সূচি ঘোষণা করতে হবে।
আগামী বছরের ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরীক্ষা আরও পিছিয়ে ফেব্রুয়ারির পর আয়োজনের পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উপাচার্যের অনুমতি ছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ নেই। কারণ, ভর্তি পরীক্ষার সঙ্গে বেশ কয়েকটি ধাপ ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত। —অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সভাপতি, ভর্তি কমিটি, চুয়েট।
অন্যদিকে পরীক্ষা আয়োজন ও তারিখ পরিবর্তনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধান। একাডেমিক বিধির ১.৯.৯ ধারায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের লিখিত প্রস্তাব ডিনের মাধ্যমে পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক প্রস্তুতিমূলক ছুটি শুরুর আগেই পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। উপাচার্যের পূর্বানুমোদন ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। স্থগিত পরীক্ষার নতুন তারিখও বিভাগীয় প্রধানের সুপারিশ ও ডিনের মাধ্যমে উপাচার্যের পূর্বানুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক ঘোষণা করবেন। এ ধরনের সব ঘটনা একাডেমিক কাউন্সিলকে অবহিত করার বিধান রয়েছে।
তবে বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বিভাগে একাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়াই ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্রকৌশলসহ কয়েকটি বিভাগের ডিনের সঙ্গে আলোচনা করে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়ার কথা জানা গেছে। অন্যদিকে, কিছু বিভাগ প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এখনো ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়নি।

চুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমান ভিসি হিসেবে রয়ে গেছেন ড. সায়েম (১২ নভেম্বরের স্ক্রিনশট)
এতে শিক্ষার্থীদের মধ্যে দুটি অবস্থান তৈরি হয়েছে। একদল শিক্ষার্থী দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরু করতে চান। অন্য অংশের শিক্ষার্থীরা মনে করছেন, বর্তমান উপাচার্যের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম মেনে একাডেমিক কার্যক্রম শুরু করা উচিত। অন্যথায় ভবিষ্যতে ক্লাসের সময় গণনা, উপস্থিতির স্বীকৃতি, পরীক্ষা ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ ব্যাচের এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের ব্যাচ আগামী ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু করতে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো সেমিস্টারের ক্লাস শুরুর আগে অবশ্যই সংশ্লিষ্ট কোর্সগুলোর নিবন্ধন সম্পন্ন করতে হয়। আর এই কোর্স নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম বর্তমান উপাচার্য অধ্যাপক শরীফুল আলম স্যারের অনুমোদন ছাড়া শুরু করা সম্ভব নয়। উপাচার্যের অনুমোদন সাপেক্ষে রেজিস্ট্রার অফিস থেকে কোর্স নিবন্ধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পরই নতুন সেমিস্টারের ক্লাস শুরু করার নিয়ম রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত প্রচলিত নিয়মের পরিপন্থী। এতে একাডেমিক কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। পাশাপাশি ক্লাসের সপ্তাহ গণনা এবং শিক্ষার্থীদের উপস্থিতির স্বীকৃতি নিয়েও জটিলতা দেখা দিতে পারে। কোনো আন্দোলন বা প্রশাসনিক সংকটের প্রভাব যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবন ও ভবিষ্যতের ওপর না পড়ে, সেটি নিশ্চিত করা জরুরি।’
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শামীম বলেন, ‘বর্তমানে যা কিছু হচ্ছে, তা সম্পূর্ণ উপাচার্যের অনুমতি ছাড়াই হচ্ছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা গিয়ে একপ্রকার জোর করে ক্লাসের তারিখ নির্ধারণের বিষয়টি সামনে এনেছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে দুটি অবস্থান রয়েছে। একদল শিক্ষার্থী স্বাভাবিকভাবে ক্লাস করতে চায়। অন্যদিকে, যারা আন্দোলন চালিয়ে যেতে চায়, তারাও নিজেদের অবস্থানে রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এখন বেশ অনিশ্চয়তার মধ্যে আছি। পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। যেহেতু আমাদের পরীক্ষা হওয়ার কথা, তাই ক্লাস ও পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত আসে, সেটি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
১৫ নভেম্বর থেকে সব বিভাগে ক্লাস শুরু হচ্ছে কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি যদি নিয়মের কথা বলি, তাহলে প্রথমে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে— অধ্যাপক ড. সজল চৌধুরী, বিভাগীয় প্রধান, স্থাপত্য বিভাগ, চুয়েট
ক্লাস শুরুর ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক কি না, তা নিয়ে শিক্ষকদের মধ্যেও মতভেদ রয়েছে। কেউ বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম মেনে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করা উচিত। আবার কেউ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিভাগীয় পর্যায়েই ক্লাস চালু করা সম্ভব।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রিয়াজ আখতার মল্লিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৫ তারিখ থেকে ক্লাস ও পরীক্ষা চালুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের অনুমতি নিতে হবে—এমন কোনো নিয়ম নেই। ক্লাস শুরু করার জন্য একাডেমিক কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক, কোথাও এমনটি লেখা নেই। শিক্ষার্থীরা ক্লাস করতে চাচ্ছে, তারা ক্লাসে এসে বসেছে। শিক্ষক হিসেবে আমার কাজ ক্লাস নেওয়া। পরীক্ষার বিষয়েও আমি বলেছি, শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার জন্য আমি প্রস্তুত। একাডেমিক কাউন্সিলের সদস্য শিক্ষকরাই। শিক্ষকরা যদি ক্লাস নিতে রাজি থাকেন এবং শিক্ষার্থীরাও ক্লাস করতে চান, তাহলে ক্লাস নিতে সমস্যা কোথায়? শিক্ষকরা যদি মনে করেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন নেওয়া যাবে, তাহলে সেটিও সম্ভব। তবে কিছু জটিলতা যে আছে, তা আমি অস্বীকার করছি না।
সরকারের কিছু নিয়মকানুন ও প্রক্রিয়া রয়েছে। সেগুলো মানতে হবে। উপাচার্য, ডিনসহ সংশ্লিষ্টদের নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে। সেটিও ঠিক। তবে শিক্ষার্থীদের নিয়ম মানার মতো পরিবেশ হয়তো এখন কিছুটা বিঘ্নিত হয়েছে। শিক্ষকদের কেউ যদি চান শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলতে, তাহলে তা সম্ভব। আবার শিক্ষকরা যদি মনে করেন, শিক্ষার্থীদের কেন ভোগান্তিতে ফেলব, বরং তাদের ভোগান্তি কমানো উচিত, তাহলেও সেটি সম্ভব। শিক্ষকরা শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলবেন কি না, সেটি তাদের মানসিকতার বিষয়।
আইন আমরা তৈরি করি আমাদের জন্য, নাকি আমরা আইনের জন্য—সেটিও বিবেচনা করতে হবে। আইন আমাদের জন্যই তৈরি করা হয়। পরিস্থিতি অনুযায়ী কীভাবে সমাধান করা যায়, তা আমরা দেখব, ইনশাআল্লাহ।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তাই বিস্তারিত কিছু বলতে পারব না। শিক্ষার্থীরা তো নিজেরা ক্লাস বন্ধ করেনি। আন্দোলনের সময় তারা আন্দোলনের কারণে ক্লাস করেনি, পরে আবার ক্লাসে ফিরেছে। মূলত অফিসিয়ালি ক্লাস স্থগিত করা হয়নি। তবে বর্তমানে যে ক্লাসগুলো শুরু হচ্ছে, সেগুলোর বিষয়ে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নেওয়া হয়নি। অনুমোদন নেওয়ার জন্য অবশ্যই একটি সভা হবে এবং সেখানে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সদস্যরা শিক্ষক। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করেই একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী সময়ে বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করে পূর্ববর্তী কার্যক্রমের অনুমোদন নেওয়া হতে পারে।
তিনি বলেন, তবে অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। নতুন উপাচার্য এলে তিনি এ বিষয়ে অনুমোদন দিতে পারবেন কি না, সেটিও আমার বিস্তারিত জানা নেই। আলোচনা ও পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে। তবে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার ধারণা।
শেষে তিনি বলেন, আর আন্দোলনের বিষয়ে বলতে গেলে, আন্দোলনের আগের মতো সক্রিয়তা এখন আর নেই। আগে আন্দোলনের যে গতি ও কর্মকাণ্ড ছিল, বর্তমানে তা দেখা যাচ্ছে না। তবে আন্দোলনের কিছু শর্ত বা দাবি এখনো রয়েছে বলে মনে হয়।

ড. শরীফুলকে মন্ত্রণালয় থেকে চুয়েটের ভিসি হিসেবে যোগদানের সম্মতিপত্র
চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথমত, ১৫ নভেম্বর থেকে সব বিভাগে ক্লাস শুরু হচ্ছে কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি যদি নিয়মের কথা বলি, তাহলে প্রথমে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এরপর পরবর্তী পরীক্ষার সময়সূচি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণের বিষয়টি আসে। আপনারা যে ব্যাচের কথা বলছেন, সেটি সম্ভবত ২০২৩ ব্যাচ। আমরা যদি আগামী সপ্তাহে ওই ব্যাচের ফল প্রকাশ করতে পারি, তাহলে পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, ক্লাস শুরুর তারিখ নির্ধারণের আগে কিছু প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। আমি আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান। এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের অনুষদের ডিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু করার বিষয়ে আমি কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। আমাদের বলা হয়েছে, বিভাগীয় প্রধানেরা নিজ নিজ বিভাগের কার্যক্রম পরিচালনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু এসব সিদ্ধান্ত কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম নির্দিষ্ট নিয়ম ও বিধিবিধানের আওতায় পরিচালিত হওয়া উচিত। তাই এসব বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের মধ্যে আনতে হবে। এ নিয়ে কিছু জটিলতা রয়েছে। সে কারণে আমাদের বিভাগ এখন পর্যন্ত নতুন করে ক্লাস শুরুর কোনো সিদ্ধান্ত নেয়নি।
শেষে তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া যেসব বিভাগ ক্লাস শুরু করছে, তাতে শিক্ষার্থীরা কোনো জটিলতা বা ভোগান্তিতে পড়বেন কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। তবে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে পরবর্তী সময়ে কী হবে, তা এখন ব্যক্তিগতভাবে বলা সম্ভব নয়। তবে বিভাগ হোক কিংবা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট নিয়ম ও বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনা করা উচিত।”
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, উপাচার্য দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ আটকে আছে। এর মধ্যে রয়েছে প্রভাষকদের পদোন্নতি, অতিরিক্ত দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়াসংক্রান্ত বিষয়, উচ্চশিক্ষার ছুটি, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ছুটি, বেতন স্কেল এবং উন্নয়ন বাজেটসংক্রান্ত কাজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও ছুটির মতো বিষয়গুলো নির্দিষ্ট প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে সম্পন্ন করতে হয়। একইভাবে বেতন স্কেল ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও দাপ্তরিক প্রক্রিয়া রয়েছে। এসব কাজ দীর্ঘদিন আটকে থাকলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। যিনি উপাচার্যের দায়িত্বে থাকার কথা, তিনি ক্যাম্পাসে আসতে পারছেন না। এমনকি আজ পর্যন্ত তিনি কোনো ফাইলেও স্বাক্ষর করতে পারেননি। ফলে তার দায়িত্বে থাকা বা না থাকার মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। এ অবস্থায় শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম চালু রাখার আবেদন জানিয়েছে। একাডেমিক কার্যক্রমের মধ্যে ক্লাস ও পরীক্ষা দুটোই রয়েছে। আমাদের তিনটি ক্লাস চলমান রয়েছে। বাকি ক্লাস ও পরীক্ষাগুলোও নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভাগীয় প্রধানদের একটি সভা হয়। সাধারণত তারাই এসব কার্যক্রম সমন্বয় করেন। সেই প্রেক্ষাপটে অনুষদের ডিনরা ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত আমাদের যে নির্ধারিত পর্ষদ রয়েছে, অর্থাৎ একাডেমিক কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হয়। সেখানে সম্মানিত শিক্ষক, বিভাগীয় প্রধান ও পরিচালকরা সদস্য হিসেবে থাকেন। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন হওয়ায় বিষয়টি সেভাবে এগোয়নি।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিদেশে যাওয়া কিংবা সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে কিছুটা ভোগান্তি হতে পারে। কারণ, প্রশাসনিক ভবন শিক্ষার্থীরা ইতোমধ্যে তালাবদ্ধ করে রেখেছেন এবং এখনো সেটি বন্ধ রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ। কেউ ছুটি নিতে চাইলে বা এ ধরনের কোনো দাপ্তরিক কাজ করতে গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হতে পারে। এই সংকট নিরসনে শিক্ষক সমিতির সদস্য হিসেবে আমি বলতে পারি, আমাদের নির্বাহী কমিটির সদস্য ও সম্মানিত শিক্ষকরা চেষ্টা করছেন। কর্মকর্তা-কর্মচারীরাও বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছেন। সরকারের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। আমরা আশা করছি, সরকার দ্রুত এ সমস্যার সমাধানে সচেষ্ট হবে। একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এভাবে দীর্ঘদিন চলতে পারে না। সামনে জানুয়ারিতে আমাদের ভর্তি পরীক্ষা রয়েছে। সেটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্যও সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়, দেশের স্বার্থ এবং সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা করে এ সংকটের দ্রুত সমাধান হওয়া জরুরি। আমরাও চাই, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বলতে গেলে, জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের বিষয়ে আমাদের পক্ষ থেকে আগে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ইউজিসির পক্ষ থেকে ফেব্রুয়ারির দিকে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে আমাদের ভর্তি কমিটিতে এখনো কোনো আলোচনা হয়নি। ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ইউজিসির ওই আলোচনায় আমাদের কমিটির কোনো সদস্য উপস্থিত ছিলেন বলে আমার জানা নেই। উপাচার্য সেখানে ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই। শুনেছি, তিনি ইউজিসির পক্ষ থেকে অনুষ্ঠিত সভায় অংশ নিয়েছিলেন। তবে ভর্তি কমিটির সভাপতি বা অন্য সদস্যদের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। পরবর্তী সময়ে ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি।
একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের গৌরব ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা সবার যৌথ দায়িত্ব। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যাদেশ এবং প্রচলিত আইন পূর্ণাঙ্গভাবে অনুসরণের বিকল্প নেই।—অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, উপাচার্য, চুয়েট
শেষে তিনি বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যার দ্রুত সমাধান হোক এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। একাডেমিক কার্যক্রম চালু রাখার জন্য আমাদের শিক্ষকেরা সভা করে সিদ্ধান্ত ও রেজল্যুশন নিয়েছেন। শিক্ষার্থীরাও ক্লাস চালুর আহ্বান জানিয়েছে। আমরা তো নিজেরা কোনো ক্লাস বন্ধ করিনি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলমান রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত চুয়েট শিক্ষক সমিতির একটি জরুরি সভার কার্যবিবরণী নিয়েও শিক্ষকদের একাংশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে দেওয়া একটি লিখিত অভিযোগে বলা হয়েছে, সভায় সাধারণ শিক্ষকদের ব্যাপক অনুপস্থিতি ছিল এবং মাত্র ৩০ থেকে ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগকারীদের দাবি, সমিতির সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় কোরাম পূরণ না হওয়ায় সভাটি কার্যকর ছিল না।
লিখিত অভিযোগে আরও বলা হয়, সভায় উপস্থিত সদস্যদের বড় একটি অংশ আলোচ্য বিষয় ও প্রস্তাবিত সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন। এ কারণে তারা কার্যবিবরণী প্রস্তুত করতে অস্বীকৃতি জানান। তবে তাদের আপত্তি উপেক্ষা করে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার প্রভাবে কার্যবিবরণী প্রস্তুত ও অনুমোদন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে অধ্যাপক ড. শেখ হুমায়ুন কবীর, অধ্যাপক ড. আব্দুর রহমান, অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং অধ্যাপক ড. মোস্তফা কামাল ভূঁইয়ার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে শিক্ষক সমিতিকে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে সভার উপস্থিতি ও সদস্যদের স্বাক্ষর যাচাইয়ের দাবিও জানানো হয়েছে।
চুয়েটের চলমান সংকটের প্রভাব পড়ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়ও। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করলেও চুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য একাধিক প্রশাসনিক ধাপ ও অনুমোদন প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে এসব প্রক্রিয়া সম্পন্ন করা নিয়েও সংশয় রয়েছে।
তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, আগামী বছরের ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরীক্ষা আরও পিছিয়ে ফেব্রুয়ারির পর আয়োজনের পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। হাতে ৩০ থেকে ৩৫ দিন সময় পেলেই আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করতে পারি। এখনো আমাদের হাতে সেই সময় রয়েছে। এ ছাড়া ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপে আমরা শিক্ষার্থীদের বাছাই করি। পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের অনুমতি ছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ নেই। কারণ, ভর্তি পরীক্ষার সঙ্গে বেশ কয়েকটি ধাপ ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত। এসব কার্যক্রম সম্পন্ন করতে উপাচার্যের অনুমতি প্রয়োজন। তাই এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।’
যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়াও ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তিনি বলেন, জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের বিষয়ে আগে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। ইউজিসির পক্ষ থেকে ফেব্রুয়ারির দিকে পরীক্ষা নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা হয়নি এখনও।
তিনি বলেন, ‘ভর্তি কমিটি গঠন করা হয়েছে। তবে ভর্তি কমিটির সভাপতি বা অন্য সদস্যদের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। পরবর্তী সময়ে ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি।’
চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের গৌরব ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা সবার যৌথ দায়িত্ব। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যাদেশ এবং প্রচলিত আইন পূর্ণাঙ্গভাবে অনুসরণের বিকল্প নেই।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে একাডেমিক অধ্যাদেশের প্রতিটি ধারা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। যেকোনো প্রশাসনিক বা একাডেমিক পরিবর্তন নির্দিষ্ট কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। কোনো নীতি বা সিদ্ধান্তে অসংগতি দেখা দিলে তা ক্ষোভ বা অচলাবস্থা তৈরি না করে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের জন্য শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা কাম্য।’
উপাচার্য আরও বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের পারস্পরিক শ্রদ্ধা, নিয়মকানুন মেনে চলা এবং দায়িত্ববোধই চুয়েট পরিবারের মূল শক্তি। সবাইকে বিভেদ ভুলে নিয়ম-শৃঙ্খলা ও নীতি অনুসরণের মাধ্যমে চুয়েটের একাডেমিক পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানাচ্ছি।’
এসব বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের জৈষ্ঠ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী খুব দ্রুত সমাধানের চেষ্টা করছে সরকার।
গত মাসে চুয়েটের এই অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করেছিল ইউজিসি। তবে কমিশনের দায়িত্ব প্রাপ্ত কেউ এই অচলাবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘এটা নিয়ে কাজ চলছে। এখনও কোনো সিদ্ধান্তে আসা হয়নি।’