স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৫ দিনে আসছে ১৬ হাজার কোটির টেন্ডার, একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেব না

২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত

আগামী ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, জনগণের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেওয়া হবে না। একইসাথে অসুস্থতা ও মৃত্যুর মিছিল থামাতে খাদ্যে ভেজাল এবং স্বাস্থ্যে দুর্নীতি রোধ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ব আয়োডিন দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, আগামী ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে, বিভিন্ন হাসপাতাল হবে এবং বিভিন্ন যন্ত্রপাতি কেনা হবে। তবে শুধু ডায়ালিসিস মেশিন কিনে বা হাসপাতাল তৈরি করে অসুস্থ মানুষের বা মৃত্যুর মিছিল থামানো যাবে না, যদি সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না যায়।

একই সঙ্গে স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জানান, নিকট অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতির ধারা ভাঙতে হবে এবং জনগণের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হলো রোগ প্রতিরোধের ওপর জোর দেওয়া। তবে চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য ও দুর্নীতি দুটোই জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় অন্তরায়।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় ডায়ালিসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন ক্রনিক রোগের রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের জোরালো ভূমিকা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্য খাতের বাজেটের দিকে তাকালে এ বছর সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছে। ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য ইতিমধ্যেই নানান কর্মসূচি ও দিকনির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের পাঁচটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল তৈরি হবে। এ ছাড়া ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার ও কিডনি ডিজিজের মতো ক্রনিক রোগগুলো প্রিভেনশনের জন্য শুধুমাত্র হাসপাতাল তৈরি করে মানুষের মিছিল থামানো যাবে না; এজন্য সচেতনতা ও জনসম্পৃক্ত কর্মসূচি নিতে হবে।

গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি ঘটে যাওয়ার পরে সেটার সংবাদ প্রকাশ করার চেয়েও বেশি জরুরি এখন থেকে সবাইকে সচেতন করা, যেন জনগণের একটি টাকাও দুর্নীতির অন্ধকার গহ্বরে না যায়। যেখানেই দুর্নীতির খবর বা আলামত পাওয়া যাবে, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাস্ত করবেন না এবং যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আয়োডিনের ঘাটতি দূর করার কার্যকারিতাকে সাধুবাদ জানিয়ে ড. এম এ মুহিত বলেন, বিগত বছরগুলোতে সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীতার হার অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী এখনও প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন এবং আটজনে একজন মানুষকে টার্গেট করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দেওয়ার ওপর তিনি জোর দেন।

এ ছাড়া, দেশের ৬০ থেকে ৭০ শতাংশ পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের সময় ৭ দিন, তা…
  • ২৭ অক্টোবর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে প্রোগ্রাম অফিসার, আবেদন ৪ নভেম্বর পর্…
  • ২৭ অক্টোবর ২০২৬
খিটখিটে মেজাজের সহকর্মী দিবস আজ
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে জরুরি সভা ডাকল  শিক্ষা মন্ত্রণালয়
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির সমাবর্তনে অংশ নিতে পারবেন সাত কলেজের গ্র্যাজুয়েটরাও
  • ২৭ অক্টোবর ২০২৬
অটোরিকশায় এসে রিকশার যাত্রী ব্যবসায়ী নেতাকে গুলি
  • ২৭ অক্টোবর ২০২৬