হামে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২২১ জনের। একই সময়ে ল্যাব পরীক্ষায় ২১ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।