‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ড্যাব-নার্স-ছাত্রদলের অবরোধ, কার্যালয় ছাড়লেন সোহরাওয়ার্দী মেডিকেল পরিচালক

০৩ জুন ২০২৬, ০৩:৩১ PM
তার কক্ষের সামনের নেমপ্লেট সরিয়ে ফেলেন বিক্ষোভকারীরা

তার কক্ষের সামনের নেমপ্লেট সরিয়ে ফেলেন বিক্ষোভকারীরা © সংগৃহীত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ডা. মামুনুর রশীদকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় তাকে ‘পতিত ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়া হয় বলেও জানা গেছে। বুধবার (৩ জুন) নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংশ্লিষ্ট চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের নেতারা তাকে ঘিরে ধরে এ পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ পরিচালকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, ডা. মামুনুর রশীদ বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং তৎকালীন চিকিৎসকদের সংগঠন ‘স্বাচিপ’ এর সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল। তথ্য গোপন করে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তোলা হয় এবং তার অধীনে কাজ না করার ঘোষণা দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতিতে ডা. মামুনুর রশীদ গণমাধ্যমের কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন। তিনি স্বাচিপের সঙ্গে অতীতের সম্পৃক্ততার কথা আংশিক স্বীকার করে জানান যে, তৎকালীন প্রেক্ষাপটে তাকে যুক্ত হতে হয়েছিল। তবে ব্যক্তিজীবনে তিনি ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করতেন বলেও দাবি করেন। উদ্ভূত এ পরিস্থিতিতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করবেন এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এ সময় ডা. মামুনুর রশীদ কার্যালয় ত্যাগ করার পরপরই বিক্ষোভকারীরা তার কক্ষের সামনের নামফলক (নেমপ্লেট) সরিয়ে ফেলেন। এ সংকটের কোনো স্থায়ী ও চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত পরিচালকের কক্ষটি বন্ধ রাখার ঘোষণা দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এর আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২০ মে যোগদান করতে এসে কলেজ শাখার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সম্মিলিত প্রতিরোধের মুখে যোগদান না করেই দ্রুত চলে যান তিনি। এর একদিন পর ২১ মে তিনি যোগদান করেন। যোগদানের অল্প কয়েকদিনের মাথায় আজ দুপুর ১২টার দিকে তোপের মুখে তাকে কার্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।  

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬