শরীর ভালো মানেই সব ঠিক কি? স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ১১ ভুল ধারণা

২৯ আগস্ট ২০২৬, ০৯:২৭ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪২ AM
স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষা © প্রতীকী ছবি

শরীরে কোনো ব্যথা নেই, কোনো অস্বস্তিও নেই তাহলে নিশ্চয়ই সব ঠিক আছে! এমনটাই মনে করেন অনেকে। তাই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর কথাও মাথায় আসে না। আবার কেউ মনে করেন, একবার পরীক্ষার রিপোর্ট ভালো এলেই আর পরীক্ষা করার দরকার নেই। কিন্তু বাস্তবে কিছু রোগ দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরে থাকতে পারে। আবার স্বাস্থ্যকর জীবনযাপন করলেও সব রোগের ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। 

স্বাস্থ্য পরীক্ষা নিয়ে এমন ১১টি প্রচলিত ভুল ধারণা তুলে ধরা হলো-

উপসর্গ না থাকলে পরীক্ষার দরকার নেই
অনেক রোগের শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে কিছু রোগ বা রোগের ঝুঁকি আগেই শনাক্ত করা সম্ভব হতে পারে। এতে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়।

পরিবারে কারও রোগ নেই, তাই আমিও নিরাপদ
পরিবারের কারও কোনো রোগ না থাকলেও আপনি সেই রোগে আক্রান্ত হবেন না এমন নিশ্চয়তা নেই। কারণ সব রোগ বংশগত নয়। আবার বংশগত রোগের ক্ষেত্রেও পরিবারের সবাই আক্রান্ত হন না। তাই শুধু পারিবারিক ইতিহাসের ওপর নির্ভর করে প্রয়োজনীয় পরীক্ষা বাদ দেওয়া ঠিক নয়।

অন্যের মতো উপসর্গ নেই, তাই পরীক্ষা লাগবে না
একই রোগে আক্রান্ত হলেও সবার উপসর্গ এক রকম হয় না। কারও ক্ষেত্রে কোনো লক্ষণ স্পষ্ট হতে পারে, আবার অন্যের ক্ষেত্রে তা নাও দেখা দিতে পারে। তাই অন্যের অভিজ্ঞতার সঙ্গে নিজের উপসর্গ না মিললেও রোগের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সবার জন্য একই সময়ে একই পরীক্ষা
স্বাস্থ্য পরীক্ষার সাধারণ নির্দেশনা থাকলেও সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। বয়স, জীবনযাপন, বংশগত ঝুঁকি ও আগের রোগের ইতিহাস অনুযায়ী পরীক্ষার প্রয়োজন ভিন্ন হতে পারে। তাই ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

স্বাস্থ্য পরীক্ষা শুধু বয়স্কদের জন্য
স্বাস্থ্য পরীক্ষা শুধু বয়স্কদের জন্য এমন ধারণাও ঠিক নয়। কিছু রোগ অল্প বয়সেও দেখা দিতে পারে। আবার কোনো নির্দিষ্ট রোগের ঝুঁকি বেশি থাকলে সাধারণ সময়ের আগেই পরীক্ষা প্রয়োজন হতে পারে।

আগের রিপোর্ট ভালো, তাই আর পরীক্ষা নয়
একবার পরীক্ষার ফল স্বাভাবিক আসা মানেই ভবিষ্যতেও সব ঠিক থাকবে এমন নয়। সময়ের সঙ্গে শরীরে নতুন সমস্যা তৈরি হতে পারে। আবার কিছু রোগ ধীরে ধীরে বাড়ে এবং প্রথম পরীক্ষায় ধরা নাও পড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী নিয়মিত পরীক্ষা চালিয়ে যাওয়া জরুরি।

স্বাস্থ্যকর জীবনযাপন করলে রোগ হবে না
সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও ধূমপান এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী। এসব অভ্যাস রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তবে এগুলো সব রোগ পুরোপুরি ঠেকাতে পারে না। বয়স, বংশগত কারণসহ বিভিন্ন কারণে সুস্থ জীবনযাপন করেও কেউ অসুস্থ হতে পারেন। তাই স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ।

যত বেশি পরীক্ষা, তত বেশি নিরাপদ
প্রয়োজনের চেয়ে বেশি স্বাস্থ্য পরীক্ষা করাও সবসময় ভালো নয়। কিছু পরীক্ষায় সামান্য অস্বস্তি হতে পারে, আবার কিছু পরীক্ষায় তুলনামূলক বেশি ঝুঁকি থাকে।
অপ্রয়োজনীয় পরীক্ষায় ভুলভাবে রোগের ইঙ্গিত পাওয়া, অযথা উদ্বেগ তৈরি হওয়া কিংবা প্রয়োজন না থাকলেও আরও পরীক্ষা ও চিকিৎসার দিকে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।

পরীক্ষায় ঝুঁকি আছে, তাই পরীক্ষা না করাই ভালো
কিছু পরীক্ষায় ঝুঁকি থাকলেও প্রয়োজনীয় পরীক্ষা এড়িয়ে যাওয়া উচিত নয়। চিকিৎসকেরা সাধারণত পরীক্ষার সম্ভাব্য উপকার ও ঝুঁকি বিবেচনা করেই পরামর্শ দেন।
কোনো পরীক্ষা নিয়ে উদ্বেগ থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া ভালো।

শুধু স্বাস্থ্য পরীক্ষা করলেই সুস্থ থাকা যাবে
স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ হলেও এটিই সুস্থ থাকার একমাত্র উপায় নয়। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলাও জরুরি। পরীক্ষার মাঝের সময়ে নতুন বা দীর্ঘস্থায়ী কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

যৌনবাহিত রোগের পরীক্ষা জরুরি নয়
অনেক যৌনবাহিত সংক্রমণের শুরুতে কোনো লক্ষণ নাও থাকতে পারে। তাই উপসর্গ নেই বলে সংক্রমণ নেই এমনটা ধরে নেওয়া ঠিক নয়। যারা যৌনভাবে সক্রিয়, তাদের ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একগামী সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার প্রয়োজন হতে পারে।

তাহলে কী করবেন?
স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সবার জন্য একই সময়সূচি অনুসরণ করার চেয়ে নিজের বয়স, পারিবারিক ইতিহাস, জীবনযাপন ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনা করা বেশি গুরুত্বপূর্ণ। কোন পরীক্ষা কত ঘন ঘন করা প্রয়োজন, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ঠিক করাই ভালো। 

সূত্র: হেলথলাইন

বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬