আকুপাংচার দিবসে সেমিনারে বক্তারা

সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছাইয়ের সুযোগ দিতে হবে রোগীকে

১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ PM
মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবসের সেমিনারে বক্তারা

মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবসের সেমিনারে বক্তারা © টিডিসি

সরকারি হাসপাতালে ট্রেডিশনাল বা বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্প্রসারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, বিকল্প পদ্ধতির চিকিৎসক ও চিকিৎসা খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ ধরণের চিকিৎসার বিস্তার হলে রোগীর চিকিৎসা ব্যয় কমানো সম্ভব। আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবসের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে আকুপাংচার চিকিৎসার ওপর কী-নোট উপস্থাপন করেন আকুপাংচার স্পেশালিস্ট ডা. আব্দুল কাইয়ুম খান ও ডা. মুশফিকুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) সভাপতি ডা. তাওহিদ আল বেরুনী, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এবং সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আকুপাংচার বিভাগের প্রধান ডা. মাকসুদ আলী প্রমুখ। সভাপতিত্ব করেন মেডিগো হেলথকেয়ার লিমিটেডের প্রধান উপদেষ্টা ডা. ইয়াজদান চৌধুরী।

‘সায়েন্টিফিক এভিডেন্স অব সেফটি অ্যান্ড এফিকেসি অব আকুপাংচার’ শীর্ষক কী-নোট বক্তব্যে ডা. মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশে আকুপাংচার সফলভাবে করনিক মাসকুলোস্কেলেটাল পেইন (দীর্ঘমেয়াদী পেশী ও জয়েন্টের ব্যথা), মাইগ্রেন, নি অস্টিওআর্থ্রাইটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এবং ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসায় ভালো ফলাফল দিচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী ২০ থেকে ৩০ শতাংশ মানুষ এই ব্যথায় আক্রান্ত। বিশ্ব স্পাইন দিবস উপলক্ষ্যে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের একটি বড় অংশের মানুষ স্পাইনের কোনো না কোনো সমস্যায় আক্রান্ত। নারী, বয়স্ক ব্যক্তি, এবং ডেস্ক জব, লং ড্রাইভ, ব্যাংক জব কিংবা গার্মেন্টসের শ্রমিক ও কায়িক শ্রমজীবীদের ক্ষেত্রে এই পেইন বেশি দেখা যায়।

ডা. মুশফিকুর রহমান বলেন, আকুপাংচার লোকাল টিস্যুকে স্টিমুলেট করে, স্পাইনাল গেট মডুলেশন ঘটায় এবং এন্ডোরফিন ও এনকেফালিনের মতো পজিটিভ হরমোন রিলিজ করতে সাহায্য করে। এছাড়া ‘স্টমাক ৩৬’ (ST36) পয়েন্ট মেটাবলিক ইস্যু ও সাইটোকাইন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। প্রায় ৭৫০ জন রোগীর ওপর ১৭টি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল (RCT)-এ এর বৈজ্ঞানিক কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যেখানে ম্যানুয়াল আকুপাংচারের তুলনায় ইলেকট্রো-আকুপাংচার আরও বেশি কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আকুপাংচার চিকিৎসার মাধ্যমে অনিদ্রা ও দীর্ঘমেয়াদী মাথাব্যথা দূর করা সম্ভব হচ্ছে। থেরাপির ফলে রোগীর ঘুমের হরমোন মেলাটোনিন বৃদ্ধি পায় এবং ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে রোগীরা অনিদ্রা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পেইন কিলার বা স্টেরয়েডের ওপর নির্ভরতা কমিয়ে আকুপাংচার চিকিৎসাকে বৈজ্ঞানিকভাবে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা তৈরি করাই আকুপাংচার দিবসের মূল লক্ষ্য।

সাংবাদিক মুজাহিদ শুভ তার বক্তব্যে সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, চীনের সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসার পাশাপাশি চাইনিজ ট্রেডিশনাল হেলথকেয়ার পদ্ধতিও রয়েছে। কিন্তু বাংলাদেশে সরকারিভাবে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতিকে প্রমোট করা হয় না। সরকারি হাসপাতালে যেন ট্রেডিশনাল বা বিকল্প চিকিৎসাও পাওয়া যায় সে দাবি উত্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে সব পদ্ধতি থাকতে হবে। রোগী কোন পদ্ধতি গ্রহণ করবে, সে পছন্দ তাকে করতে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, মেডিকেল ও হাসপাতালগুলোতে অন্যান্য সুবিধা থাকলে জনগণ উপকৃত হবে। সরকার যেন উদ্যোগ নেয়, আমরা চেষ্টা করব।

তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যয় অনেক বেশি। ফলে আকুপাংচারসহ বিকল্প চিকিৎসা যতবেশি সম্প্রসারিত হবে, স্বল্প খরচে তত বেশি চিকিৎসা গ্রহণ সম্ভব হবে। এটির প্রচারে উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

বক্তব্যে সরকারের বিভিন্ন নীতি ও দুর্নীতির কঠোর সমালোচনা করেন আব্দুস সাত্তার। তিনি বলেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ছেয়ে গেছে। স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারেনি। বহির্বিশ্বের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হয়। আমাদের অঢেল সম্পদ। যাদের সম্পদ থাকে, তাদের সাহায্য নিতে হয় না। আমরা যদি সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে কারো কাছে হাত পাততে হত না। সঠিক নেতৃত্বের অভাবে এ সমস্যা।

জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬