আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ AM
 লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী © টিডিসি ছবি

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত সড়কে শোভা পাচ্ছে রঙিন পতাকা, ব্যানার ও আলোকসজ্জা। গুরুত্বপূর্ণ মোড়গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গোকুন্ডা এলাকার মণ্ডলেরহাট বাজারে যাবেন। সেখানে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি খালে মাছ অবমুক্ত ও হাঁস ছাড়ার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী এবং স্থানীয়ভাবে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বুধবার সরেজমিনে দেখা গেছে, তাঁর সম্ভাব্য চলাচলের পথগুলোতে চলছে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ। শহরের কালেক্টরেট মাঠ থেকে মণ্ডলেরহাট পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে টাঙানো হয়েছে রঙিন পতাকা ও ব্যানার। মিশন মোড় চত্বরে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকিত স্তম্ভ। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ ও কাঠের কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন।

প্রধানমন্ত্রীকে পথে পথে অভ্যর্থনা জানাতে প্রস্তুত করা হয়েছে প্রায় সাতটি সাংস্কৃতিক স্পট। এর মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন এলাকা, চিনিপাড়া ও মহেন্দ্রনগর বাজার উল্লেখযোগ্য। এসব স্থানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, লোকনৃত্যসহ উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাঁকে বরণ করে নেবেন।

লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবীর অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের মতো দীর্ঘদিনের দাবিগুলো সফরে গুরুত্ব পাবে বলে আশা করছেন জেলাবাসী। এসব প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর সফর থেকে কার্যকর উদ্যোগের আশায় রয়েছেন স্থানীয়রা।

ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে পারে কাল, সমুদ্রবন্দরগুলোতে ৩ ন…
  • ১৯ নভেম্বর ২০২৬