প্রশাসনে নিষিদ্ধ দলের সাথে যোগাযোগকারীদের ওপর সর্বোচ্চ নজরদারি রয়েছে সরকারের
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদুর রহমান © সংগৃহীত
সরকারি প্রশাসনের ভেতরে থেকে যারা নিষিদ্ধ দলের সাথে যোগাযোগ রাখছেন, তাদের ওপর সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদুর রহমান। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই একজন পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্থনৈতিক সূচক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি এবং গণমাধ্যম সংক্রান্ত নানাবিধ প্রশ্নের বিস্তারিত জবাব দেন তিনি।
গোপালগঞ্জে পুলিশের ভূমিকা এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ যাতে অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ (ডিসপ্রোপোরশনেট ফোর্স) না করে এবং সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়, সরকার সেই কৌশল নিয়েছে—যা সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। কোথাও দায়িত্বে অবহেলা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের পদায়নের জন্যই বদলি করা হয়।
দীর্ঘমেয়াদী স্বৈরশাসনের পর গণঅভ্যুত্থান হওয়া দেশগুলো যেমন- তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেনের ভঙ্গুর পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার পরও বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে আছে এবং পুরোদমে কাজ করতে আরও কিছুটা সময় প্রয়োজন।
উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে অভিযান চলমান রয়েছে জিানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে যেকোনো মিছিল, সভা বা সমাবেশ এই মুহূর্তে বেআইনি। গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো নৃশংসতা সরকার কোনোভাবেই সহ্য করবে না।
সেখানে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে এবং অস্ত্র হাতে যাদের ছবি দেখা গেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে পলাতক নেতাদের উসকানিতে দেশে থাকা 'নন-পলাতক' নেতাকর্মীরা ফৌজদারি অপরাধে জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন বলে তিনি সতর্ক করেন।