মাহদী আমিন
সচিবালয়ের সামনে কথা বলছেন মাহদী আমিন। © টিডিসি ছবি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ওপর বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ এ সিদ্ধান্ত। একইসঙ্গে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা এবং কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।
মাহদী আমিন বলেন, গত সরকারের সময়ে শ্রমবিরোধী বিভিন্ন নীতিমালার কারণে বাংলাদেশে এ ধরনের মার্কিন অর্থায়ন বন্ধ ছিল। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে দেখছেন তাঁরা।
তিনি আরও বলেন, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি আস্থা তৈরি হয়েছে।
ডিএফসির অর্থায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাঁর ভাষ্য, এতে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকার কাজ করবে।